২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাস্থ্যখাত উন্নয়ন কর্মসূচিতে ‘উল্লেখযোগ্য’ অগ্রগতি

পাঁচ বছর মেয়াদি স্বাস্থ্যখাত উন্নয়ন কর্মসূচিতে প্রথম বছরে ‘উল্লেখযোগ্য’ অগ্রগতি অর্জন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2012, 05:26 PM

Updated : 24 Aug 2022, 12:10 PM

নুরুল ইসলাম হাসিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাঁচ বছর মেয়াদি স্বাস্থ্যখাত উন্নয়ন কর্মসূচিতে প্রথম বছরে ‘উল্লেখযোগ্য’ অগ্রগতি অর্জন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। কর্মসূচির অর্থনৈতিক ও কার্যক্রম উভয়ক্ষেত্রেই লক্ষ্যমাত্রা অর্জনে অগ্রগতি অর্জিত হয়েছে বলে মন্ত্রণালয়ের বার্ষিক কর্মসূচি বাস্তবায়ন প্রতিবেদনে (এপিআইআর) বলা হয়েছে। প্রতিবদেনে বলা হয়, ২০১১-২০১২ অর্থবছরের জন্য মোট বরাদ্দ ২২ হাজার ৮৪৬ কোটি টাকার ৮৭ শতাংশ ব্যয় হয়েছে। এই অর্থের চার ভাগের তিন ভাগই স্বাস্থ্য সেবার মান উন্নয়নে বরাদ্দ ছিল। এবারের স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি খাত উন্নয়ন কর্মসূচিতে (এইচপিএনএসডিপি) ৩২টি কর্মপরিকল্পনায় ৩১৬টি সূচকে অগ্রগতির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এর মধ্যে ৬৫ শতাংশ পুরোপুরি এবং ১৪ শতাংশ আংশিকভাবে অর্জিত হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অবশ্য ৬৭টি সূচকে অগ্রগতি অর্জন করা যায়নি বলে প্রতিবেদনে জানানো হয়। বার্ষিক প্রতিবেদনে বলা হয়, সূচকের ভিত্তিতে দেখা যায়, ১০টি কর্মপরিকল্পনার ক্ষেত্রে ৭৫ শতাংশের বেশি, ১৬টির ক্ষেত্রে ৫০ থেকে ৭৪ শতাংশ, ছয়টির ক্ষেত্রে ৩০ থেকে ৪৯ শতাংশ সাফল্য এসেছে এবং কোনোটির ক্ষেত্রেই ২৫ শতাংশের কম লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। এই প্রতিবেদনের একটি কপি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম পেয়েছে যাতে দেখা যায়, কর্মপরিকল্পনা চূড়ান্ত করা এবং তহবিল ছাড়ে বিলম্বের কারণে অর্থবছরের শেষ ছয় মাসেই মূলত ওই কর্মপরিকল্পনা বাস্তবায়ন হয়। এ বিষয়ে মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মো. হুমায়ূন কবির বলেন, অর্জন নিয়ে তারা সন্তুষ্ট। বিশ্লেষকরাও এই অগ্রগতিকে ‘সন্তোষজনক’ বলে অ্যাখ্যায়িত করেছেন। তবে দীর্ঘমেয়াদী ‘দুর্বলতাগুলো’ কাটাতে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে মন্তব্য করেন তারা। অগ্রগতি নিয়ে পপুলেশন কাউন্সিলের আবাসিক প্রতিনিধি উবায়দুর রব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সর্বশেষ স্বাস্থ্যখাত উন্নয়ন কর্মসূচির ধীরগতির সমাপ্তির পর এটা খুবই ভালো সূচনা।” সাম্প্রতিক মাসগুলোতে মন্ত্রণালয়কে ‘সক্রিয়’ দেখা গেছে জানিয়ে তিনি বলেন, ক্রয় প্রক্রিয়াও আগের তুলনায় দক্ষতার সঙ্গে সম্পন্ন হয়েছে। “বরাদ্দও যৌক্তিক হয়েছে,” বলেন তিনি। অবশ্য আগামী বছরগুলোতে এইচপিএনএসডিপির কর্মকাণ্ডে ধীরগতি আসতে পারে বলে সতর্ক করেন রব। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি হলে কর্মকাণ্ড ব্যাহত হতে পারে বলে তার আশঙ্কা। “রাজনৈতিক অচলাবস্থার কারণে ২০০৫ সালের পরে দ্বিতীয় খাতওয়ারি পরিকল্পনা- স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা খাত কর্মসূচিতে (এইচএনপিএসপি) তেমন অগ্রগতি হয়নি,” বলেন তিনি। গত বছর জুলাইয়ে শুরু হওয়া এই কর্মসূচির প্রথম বছরের অগ্রগতি মূল্যায়নে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিকল্পনা শাখা এ বার্ষিক প্রতিবেদন তৈরি করেছে। এই কর্মসূচি পর্যালোচনায় বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলও এই প্রতিবেদনকে আমলে নিচ্ছে। প্রতিবেদনে উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে জাতীয় স্বাস্থ্য নীতি চূড়ান্ত করা, জাতীয় জনসংখ্যা নীতি ও জাতীয় খাদ্য নিরাপত্তা ও গুণাগুণ নীতির খসড়া প্রণয়ন, হেলথ ফাইন্যান্সিং স্ট্র্যাটেজি ও সমন্বিত প্রশিক্ষণ নীতি এবং কর্মসূচি ব্যবস্থাপনা ও তদারকি ইউনিট প্রতিষ্ঠাকে দেখানো হয়েছে। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে স্বাস্থ্যসেবা দানকারীর সংখ্যা বৃদ্ধি, কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম পরিচালনা এবং অনেক জায়গায় নিবিড় পরিচর্যা কেন্দ্র ও করোনারি কেয়ার ইউনিট প্রতিষ্ঠাকেও স্বাস্থ্য সেবা খাতের প্রতিষ্ঠানিক শক্তিশালীকরণ ও সেবার মানোন্নয়নের কথা বলা হয়েছে প্রতিবেদনে। মানসম্পন্ন ও সুষ্ঠু স্বাস্থ্য সেবা নিশ্চিতে পরিবার পরিকল্পনার যথাযথ প্রয়োগে মা, সদ্যোজাত ও শিশু স্বাস্থ্য সেবা উন্নয়নের পাশাপাশি পুষ্টি পরিস্থিতির উন্নয়নে মূলধারার স্বাস্থ্য সেবায় তা অন্তর্ভূক্ত করাই এইচপিএনএসডিপি কর্মসূচির মূল লক্ষ্য। সাতশ’ ৬০ কোটি ডলারের পাঁচ বছরের স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি খাতে উন্নয়ন কর্মসূচিতে সরকার ৭৫ শতাংশ সম্পদের যোগান দেবে। আর বাকি অর্থ দেবে উন্নয়ন সহযোগীরা। এর আগে ১৯৯৮ সালের জুলাই থেকে ২০০৩ সালের জুন পর্যন্ত প্রথম স্বাস্থ্য খাত উন্নয়ন কর্মসূচি- স্বাস্থ্য ও জনসংখ্যা খাত কর্মসূচি (এইচপিএসপি) বাস্তবায়ন করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। দ্বিতীয় কর্মসূচি- স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা খাত কর্মসূচি (এইচএনপিএসপি) বাস্তবায়ন হয় ২০০৩ সালের জুন থেকে ২০১১ সাল মেয়াদে। আর বর্তমান কর্মসূচি বাস্তবায়ন শুরু হয় গত ১ জুলাই থেকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এএইচ/এইচএ/২৩২০ ঘ.