ফ্রান্স, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অতিরিক্ত মদ্যপানের ফলে অল্প বয়সেই মস্তিষ্কে রক্তক্ষরণে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে বলে জানিয়েছেন ফ্রান্সের গবেষকরা।
মস্তিষ্কের অভ্যন্তরে রক্তক্ষরণে যারা আক্রান্ত হন, তাদের বেশিরভাগই দিনে চারবার বা তার চেয়েও বেশি মদ্যপান করে থাকেন। সাধারণত এদের মস্তিষ্কের কোনো শিরায় রক্ত জমে যাওয়ার ঘটনা বেশি ঘটে।
গবেষণা পরিচালনাকারী মস্তিষ্করোগ বিশেষজ্ঞরা মস্তিষ্কে রক্তক্ষরণের ৫৪০ জন রোগীর পানাভ্যাস ও রোগ ইতিহাস পর্যবেক্ষণ করেন।
‘নিউরোলজি’ জার্নালে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বলা হয়, পর্যবেক্ষণকৃত ৫৪০ জন রোগীর এক-চতুর্থাংশই অতিরিক্ত মদ্যপানে অভ্যস্ত ছিলেন। এরা সবাই ৬০ বছর বা এর কাছাকাছি বয়সে মস্তিষ্কের রক্তক্ষরণে আক্রান্ত হয়।
অপেক্ষাকৃত কম মদ্যপানকারীদের ৭৪ বছর বা এর কাছাকাছি বয়সে এ রোগ দেখা দেয়।
এ গবেষণার জ্যেষ্ঠ গবেষক শারলো করডোনের বলেন, নিয়মিত অতিরিক্ত মদ্যপান করলে খুবই অল্প বয়সে মস্তিষ্কে রক্তক্ষরণ দেখা দিতে পারে। অপেক্ষাকৃত কম মদ্যপানকারীদের চেয়ে এদের স্বাস্থ্য সাধারণ হিসেবে অপেক্ষাকৃত সুস্থ হতে পারে, অথবা হৃদরোগ, স্ট্রোক, ‘মিনি-স্ট্রোক’র লক্ষণও এদের শরীরে কম পাওয়া যেতে পারে।
এমনকি গবেষণায় অন্তর্ভুক্ত অনেকের ক্ষেত্রে মস্তিষ্কে রক্তক্ষরণের ভবিষ্যতবাণীও করা হয়নি তাদের রোগ ইতিহাসে।
তবে অতিরিক্ত মদ্যপানকারীদের মস্তিষ্কের গভীরে রক্তক্ষরণ ঘটলে এর দু’বছরের মধ্যে রোগীর মৃত্যু ঘটেছে ৫০ শতাংশেরও বেশি। অপেক্ষাকৃত কম পানকারীদের মধ্যে এ ঘটনা ঘটেছে এক-তৃতীয়াংশের মতো।
তবে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার ডারহামের ডিউক স্ট্রোক সেন্টারের পরিচালক ল্যারি গোল্ডস্টাইন বলেন, অতিরিক্ত মদ্যপানের কারণেই কম বয়সে মস্তিষ্কের রক্তক্ষরণ ঘটে, এমনটা এ গবেষণায় প্রমাণিত হয় না।
আমেরিকান হার্ট/স্ট্রোক অ্যাসোসিয়েশনের মুখপাত্র ল্যারি আরো বলেন, অতিরিক্ত মদ্যপানকারীরা সাধারণত অতিরিক্ত ধূমপানও করে থাকেন। এটিও মস্তিষ্কের রক্তক্ষরণের ঝুঁকি বৃদ্ধির কারণ হতে পারে যা হিসেব করা হয়নি।
তবে অতিরিক্ত মদ্যপান অনেকদিন ধরেই মস্তিষ্কের জন্য ক্ষতিকর বলে আসছেন চিকিৎসকরা। এদের উচ্চ রক্তচাপ থাকে, এবং এর ফলে শিরায় রক্ত জমাট বাধার সম্ভাবনা বেড়ে যেতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৪১৫ ঘ.
bdnews24