ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশিদের জন্য চিকিৎসা সেবার দ্বার উন্মুক্ত করতে মেডিকেল ভিসা চালু করছে জাপান।
জাপান-বাংলাদেশ সম্পর্কের ৪০ বছর পূর্তি উপলক্ষে এ ভিসা চালু করতে চায় চিকিৎসা সেবায় উন্নত প্রযুক্তি ব্যবহারকারী দেশটি। সিঙ্গাপুর, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া ও ভারতে অনেক অর্থ ব্যয় করে চিকিৎসা সেবা নিতে যাওয়া বাংলাদেশিদের টানতে এ উদ্যোগ নিয়েছে জাপান।
ঢাকায় জাপানি দূতাবাসের কর্মকর্তা হিরোউকি মিনামি শুক্রবার রাজধানীতে এক সেমিনারে বলেন, মেডিকেল ভিসা দুই দেশের সম্পর্কে একটি নতুন যুগের সূচনা করবে।
“এর মাধ্যমে আমাদের সম্পর্ক জোরদার হবে।”
জাপানে অর্থ, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা শিল্প বিভাগের পরিচালক কোজি ফুজিমোতো বলেন, গত বছর এপ্রিল থেকে তারা বিদেশি রোগীদের তাদের দেশে স্বাস্থ্যসেবা গ্রহণে উদ্বুদ্ধ করতে উদ্যোগ নিয়েছেন।
আগে জাপানের স্বাস্থ্যসেবা শুধু তাদের দেশের মানুষের জন্য সীমাবদ্ধ ছিলো বলে জানান তিনি।
জাপানের স্বাস্থ্যসেবা পেতে রোগীদের সহযোগিতার জন্য বাংলাদেশে ইমার্জেন্সি অ্যাসিস্ট্যান্স জাপান (ইএজে) নামে একটি দপ্তর খোলা হয়েছে।
বাংলাদেশে ইএজের সমন্বয়ক ডা. শেখ আলিমুজ্জামান বলেন, এ প্রকল্পের আওতায় ‘জ্ঞান ও প্রযুক্তি বিনিময়ের মাধ্যমে’ বাংলাদেশের স্বাস্থ্যসেবার উন্নয়ন ঘটবে।
তিনি বলেন, নতুন এ উদ্যোগের ফলে মেডিকেল ভিসা পাওয়া সহজ হবে।
জাপানি হাসপাতাল সম্পর্কে খোঁজ-খবর দিতে তারা সহযোগিতা করবেন বলে জানান তিনি।
সিঙ্গাপুরের চেয়ে জাপানে চিকিৎসা নিতে কম অর্থ ব্যয় হবে বলেও উল্লেখ করেন তিনি।
তবে ওই সেমিনারে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক চিকিৎসকদের আধুনিক প্রযুক্তির ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ দিতে জাপানের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, “আমাদের উন্নততর যন্ত্রপাতি থাকলেও সেগুলো চালানোর জন্য চিকিৎসক বা মানবসম্পদ নেই। আমাদের খুবই কম সংখ্যক উচ্চপ্রযুুক্তির জ্ঞানসম্পন্ন চিকিৎসক আছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এএইচ/এসইউ/১১২৬ ঘ.
bdnews24