ঢাকা, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিশুদের সুস্থ ও সবল করে গড়ে তুলতে চিকিৎসকসহ সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির।
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে শনিবার রাজধানীর ঝিকাতলায় আয়োজিত ‘শিশু মেলা’র উদ্বোধন ও শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর সময় তিনি এ আহ্বান জানান।
শিশুদের রোগ প্রতিরোধে সক্ষম করে গড়ে তুলতে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর জন্য জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল (জেবিএফএইচ) এ মেলার আয়োজন করে। সকাল আটটা থেকেই মেলায় শিশুসহ অভিভাবকরা ভীড় জমাতে থাকেন।
মেলায় ছয় থেকে ১১ মাস বয়সী প্রায় ৭০০ শিশুকে ভিটামিন ’এ’ (নীল ক্যাপসুল), ১২ থেকে ৫৯ মাস বয়সী এক হাজার ৩০৭ জন শিশুকে ভিটামিন ’এ’ (লাল ক্যাপসুল) এবং দুই থেকে পাঁচ বছর বয়সী ৪৫০ জন শিশুকে একটি করে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়।
ইনসেপ্ট্ াফার্মা’র পরিচালক জহির উদ্দিন আল মামুন, কালের কন্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, এটিএন নিউজ’র বার্তা প্রধান মুন্নী সাহা, জেবিএফএইচ’র চেয়ারম্যান জোনাইদ শফিক ও ব্যবস্থাপনা পরিচালক সরদার এ নাঈম এবং অভিনেতা আফজাল হোসেন ও রোকেয়া প্রাচীসহ ক্রিকেট খেলোয়াড়, সাহিত্যিক ও চলচ্চিত্র অভিনেতারা এতে উপস্থিত ছিলেন।
চ্যানেল আই’র ‘সেরা নাচিয়ে’ ও ‘ক্ষুদে গানরাজ’-এর শিল্পীরা মেলায় নাচ ও গান পরিবেশন করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/২১১২ ঘ.
bdnews24