লক্ষ্মীপুর, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশব্যাপী শিশুদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর কর্মসূচির শুরুর দিনে লক্ষ্মীপুরে ৪০ জন শিক্ষার্থী অসুস্থ হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই ট্যাবলেটগুলোর মেয়াদ রয়েছে জানিয়ে স্থানীয় চিকিৎসকরা জানিয়েছেন। আর অসুস্থ শিক্ষার্থীদের অধিকাংশই চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে।
মঙ্গলবার দুপুরে রায়পুর উপজেলার চর বামনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃমির বড়ি খেয়ে এই শিক্ষার্থীরা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়।
লক্ষ্মীপুরে ১৬২০টি শিক্ষা প্রতিষ্ঠানে ৫৫ হাজার শিক্ষার্থীকে কৃমির বড়ি খাওয়ানোর কথা রয়েছে।
এই ওষুধ সেবন কর্মসূচিতে সংশ্লিষ্ট ডা. সালাউদ্দিন শরিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রায়পুরে মঙ্গলবার ২১৭টি শিক্ষা প্রতিষ্ঠানে এই ওষুধ সেবন করানো হয়েছে।
জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল খায়ের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের অসুস্থ হওয়া খবর পাওয়া যায়নি।”
কর্মসূচির প্রথম দিন অসুস্থ এই শিক্ষার্থীদের লক্ষ্মীপুর সদর হাসপাতাল ও বিভিন্ন প্রাইভট ক্লিনিকে ভর্তি করা হয়।
সদর হাসপাতালের চিকিৎসক নিজাম উদ্দিন সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাদের হাসপাতালে ভর্তি হওয়া ১২জন শিক্ষার্থী চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছে।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসক ইব্রাহিম খলিল ফিরোজ জানান, বামনী স্কুলে শিক্ষার্থীদের বড়ি খাওয়ানোর ফলে তারা অসুস্থ হয়ে পড়েন।
আগে কখনো এ ধরনের ঘটনা ঘটেনি বলে জানান তিনি।
জেলার সিভিল সার্জন ড. মো. আব্দুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কৃমির বড়িগুলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা সরবরাহ করেছে।
২০১১ সালে বেলজিয়াম ও পর্তুগালে তৈরি এই বড়িগুলোর মেয়াদ ২০১৬ পর্যন্ত রয়েছে।
ঘটনাস্থল পরিদর্শনসহ অসুস্থ শিশুদের খোঁজ খবর নিয়েছেন এবং তাদের অভিবাবকদের সঙ্গে আলাপ করেছেন বলে জানান সিভিল সার্জন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাহিদ আফরোজ, বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, সোমবার দুপুর ১২টার দিকে ১ম থেকে ৫ম শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থীকে কৃমির বড়ি খাওয়ানো হয়।
এর কিছুক্ষণ পর থেকে তাদের পেট ব্যথা, মাথা ব্যাথা বমি হতে থাকে বলে জানান তারা। এরপর অভিভাবকদের খবর দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/২১৩৮ ঘ.
bdnews24