ঢাকা, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার (এমডিজি) মেয়াদ শেষ হতে আর মাত্র তিন বছর বাকি আছে। এ অবস্থায় বিশেষজ্ঞ ও নীতি নির্ধারকরা মেয়াদ শেষের পরও মা ও শিশুদের রক্ষায় প্রচেষ্টা অব্যাহত রাখতে সবগুলো দেশের প্রতি আহ্বান জানিয়েছেন।
রোববার রাজধানীতে মা ও শিশু স্বাস্থ্যবিষয়ক তিনব্যাপী এশীয় আঞ্চলিক সভার সমাপনী দিনে ২০১৫ সালের লক্ষ্যমাত্রার পরও মা ও সদ্যোজাত শিশুর স্বাস্থ্যের ভবিষ্যতের প্রতি মনোযোগ দেওয়ার অনুরোধ জানান তারা।
এমডিজি-৫ অনুযায়ী, ১৯৯০ সাল থেকে প্রসূতি মৃত্যু হার চার ভাগের একভাগে কমিয়ে আনার এবং প্রজনন স্বাস্থ্যের বৈশ্বিক সুবিধা অর্জনের কথা বলা হয়েছে। এমডিজি-৪ এর অন্যতম লক্ষ্য ছিল, পাঁচ বছরের নিচে শিশুমৃত্যুর হার তিন ভাগের দুই ভাগে কমিয়ে আনা।
কিন্তু জুনে ব্রাজিলের রিও দি জেনিরোতে অনুষ্ঠেয় টেকসই উন্নয়ন বিষয়ক সম্মেলনের (যা রিও-২০ হিসেবে পরিচিতি পেয়েছে) আগে জাতিসংঘের বিতরণ করা অবস্থানপত্রে (কান্ট্রি পজিশনিং পেপার) দেশগুলো স্বাস্থ্যখাতে কোনো লক্ষ্যমাত্রা স্থির না করায় তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
এনজেন্ডারহেলথ-এর আবাসিক প্রতিনিধি ডা. আবু জামিল ফয়সাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এমডিজির পরে তারা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিপি তৈরির পরিকল্পনা শুরু হয়েছে। তবে এতে স্বাস্থ্য বিষয়ে সুনির্দিষ্ট কিছু (লক্ষ্যমাত্রা) এতে নেই।”
তিনি বলেন, বিভিন্ন দেশের সুশীল সমাজ তাদের উদ্বেগ প্রকাশ করা শুরু করেছে এবং এ বিষয়ে চাপ তৈরির জন্য তারা ‘বৈশ্বিক আন্দোলন’ তৈরির চেষ্টা করছে।
এসডিপিতে দেশীয় অবস্থানপত্রে ‘জলবায়ু ও স্বাস্থ্য; খাদ্য ও স্বাস্থ্য’ এভাবে স্বাস্থ্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানান আবু জামিল।
গ্লোবাল অ্যাডভোকেসি উইমেন ডেলিভার-এর জ্যেষ্ঠ উপদেষ্টা ড. রাজ করিম প্যানেল আলোচনায় বলেন, “বিশ্বে সব এমডিজির মধ্যে এমডিজি-৫ এর সবচেয়ে কম অগ্রগতি হয়েছে। স্বাস্থ্য সংশ্লিষ্ট সব এমডিজির মধ্যে এটা সবচেয়ে কম অর্থ বরাদ্দ পেয়েছে।”
পরিবার পরিকল্পনা সেবার বৃহত্তর সুযোগ দক্ষিণ এশিয়ায় প্রসূতি মৃত্যুর ৭০ ভাগ ও নবজাতক শিশু মৃত্যুর ৪৫ ভাগ হ্রাস করতে সক্ষম- এ কথা জানিয়ে তিনি বলেন, “কিন্তু এটা সব এমডিজির কেন্দ্রবিন্দু।”
“২০১৫ সালের পরের কৌশলগুলোতেও এটা গুরুত্ব পাওয়া উচিৎ,” যোগ করেন তিনি।
এমডিজি-৪ ও ৫ এর লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ সঠিকভাবেই এগুচ্ছে। প্রতিবছর দেশে পাঁচ বছরের নিচে মৃত্যুর সংখ্যা প্রতি হাজারে ৫৩-তে এবং প্রসূতি মৃত্যুর সংখ্যা প্রতি লাখে ১৯৪-তে কমিয়ে এনেছে। কিন্তু বিশেষজ্ঞরা এটা কমাতে আরো প্রচেষ্টা চালানো দরকার বলে মনে করেন।
পপুলেশন কাউন্সিল-এর আবাসিক প্রতিনিধি ওবায়দুর রব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০১৫ সালে মেয়াদ ফুরিয়ে যাওয়ার আগে সম্ভাব্য সর্বোচ্চ অগ্রগতি অর্জনে মনোযোগ দিতে হবে।
“লক্ষ্য নির্ধারণের পর আমরা এত দূর এসেছি। কিন্তু শেষ হলে তারপর কী,” প্রশ্ন রাখেন তিনি।
ইন্টারন্যাশনাল ফেডারেশন অব গাইনোকলজি অ্যান্ড অবস্টেট্রিকস (ফিগো) এর নিরাপদ মাতৃত্ব ও নবজাতক স্বাস্থ্য বিষয়ক কমিটির সহ-সভাপতি অধ্যাপক আন্দ্রে লালন্দে বলেন, “প্রসূতি ও শিশুস্বাস্থ্য উন্নয়নে নির্দিষ্ট মানের বিষয়গুলো নিয়ে আমাদের কাজ করতে হবে।”
স্বাস্থ্য মন্ত্রণালয়ে জ্যেষ্ঠ সচিব হুমায়ুন কবিরও সভায় সমাপনী বক্তব্যে অংশগ্রহণকারীদেরকে এমডিজি ও ২০১৫ সালের পরও এ বিষয়ে নজর দেওয়ার অনুরোধ জানান।
তিনি বলেন, “আমি বিশ্বাস করি এ সভা আপনাদেরকে অনুপ্রাণিত করেছে। প্রসূতি ও নবজাতক সেবার ভবিষ্যত বিষয়ে আমাদের নজর দেওয়া উচিৎ।”
২০টির বেশি দেশের প্রায় ৩০০ বিশেষজ্ঞদের এনে এ সভা আয়োজনের জন্য তিনি ইউএসএআইডি’র মা ও শিশুস্বাস্থ্য সমন্বিত কর্মসূচির (এমসিএইচআইপি) প্রশংসা করেন।
সচিব বলেন, “এটা বাংলাদেশের জন্য একটা অগ্রগতি যখন আমরা মা ও শিশুস্বাস্থ্যের আরো উন্নয়নের কাজ করছি।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এইচএএইচ/এমআই/০০২৫ ঘ.
bdnews24