ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপুষ্টি দূর করতে দুই বছরের কম বয়সী শিশুদের সঠিকভাবে খাওয়ানোর বিষয়ে মায়েদের পরামর্শ দিতে জাতীয় পুষ্টি সেবা (এনএনএস) কর্মসূচির আওতায় মাঠকর্মী নিয়োগ দেওয়া হবে।
স¤প্রতি শুরু হওয়া জাতীয় পুষ্টি সেবার কর্মসূচি ব্যবস্থাপক ডা. এসএম মুস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কমিউনিটি ক্লিনিকের তত্ত্বাবধানে তারা (মাঠকর্মী) কাজ করবেন।”
বিভিন্ন স্বাস্থ্য সূচকে বাংলাদেশের অগ্রগতি হলেও শিশুকে যথাযথভাবে খাওয়ানোর বিষয়ে সচেতনতার অভাবে এখনো তাকে অপুষ্টির বিরুদ্ধে লড়তে হচ্ছে।
এ লড়াইকে গতিশীল করতে সরকার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সেবার মূলধারায় পুষ্টি কার্যক্রমকে অন্তর্ভুক্ত করেছে।
মুস্তাফিজুর রহমান বলেন, “প্রতিটি কমিউনিটি ক্লিনিকের অধীনে তিন জন কর্মী নিয়োগ করা হবে।”
তিনি জানান, কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ শেষ হলে তাদের নিয়োগ দেওয়া হবে। সারাদেশের ১১ হাজারের বেশি কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মীরা এসব মাঠকর্মীদের কার্যক্রম তদারক করবেন।
শিশুর জীবনের প্রথম দুই বছর খুবই গুরুত্বপূর্ণ- এটাকে ‘সম্ভাবনার জানালা’ হিসেবে বিবেচনা করা হয়। এ সময় ঠিকমতো পুষ্টিকর খাবার না খেলে তাদের শারীরিক বৃদ্ধি ব্যাহত হওয়ার পাশাপাশি মানসিক বিকাশও বাধাগ্রস্ত হতে পারে। তাই জাতীয় পুষ্টি সেবা কর্মসূচিতে দুই বছরের কম বয়সী শিশুদের খাওয়ানোর ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।
ট্রেইনিং অ্যান্ড অ্যাসিসট্যান্স ফর হেলথ অ্যান্ড নিউট্রিশন ফাউন্ডেশনের চেয়ারপার্সন ডা. রুখসানা হায়দার বলেন, “শিশুর জীবনের প্রথম দুই বছর খুবই গুরুত্বপূর্ণ। সম্ভাবনার জানালা বন্ধ হয়ে গেলে ক্ষতি পোষানোর জন্য তা অনেক দেরি হয়ে যায়।”
স্বাস্থ্যবিধি অনুযায়ী, জন্মের পর প্রথম ঘণ্টায়ই শিশুকে বুকের দুধ দিতে হয় এবং ছয় মাস বয়স পর্যন্ত তা চালিয়ে যেতে হয়। তারপর থেকে মায়ের দুধের পাশাপাশি আমিষ ও সব্জিসহ ঘরে তৈরি খাবার দিতে হয় শিশুকে।
ছয় মাস বয়সের আগে ঘরে তৈরি খাবার দিলে তা যথাযথ সময়ের চেয়ে আগে হয়ে যায়। আবার কেউ এক বছর পর শিশুকে ঘরে তৈরি খাবার খাওয়ানো শুরু করলে তা অনেক দেরি হয়ে যায়।
তবে সর্বশেষ জনমিতি ও স্বাস্থ্য সমীক্ষায় দেখা গেছে, বাংলাদেশে মাত্র ২১ শতাংশ পরিবার দুই বছরের কম বয়সী শিশুদের খাওয়ানোর ক্ষেত্রে যথযথভাবে স্বাস্থ্যবিধি মেনে চলে। আর অপুষ্টির কারণে ৪১ শতাংশ শিশু তাদের বয়সের তুলনায় খাটো থাকে এবং ৩৬ শতাংশের ওজন থাকে কম।
কর্মসূচি ব্যবস্থাপক ডা. এসএম মুস্তাফিজুর রহমানের মতে, “কেউ না শেখালে পুষ্টি সম্পর্কে সবার একই ধরনের জ্ঞান থাকে। পুষ্টির গুরুত্ব বুঝে নয়, স্বাদের কথা মাথায় রেখেই সবাই খায়।”
“শিশু সন্তানদের কী ধরনের খাবার দিতে হয় এবং কখন থেকে তা শুরু করতে হয় সে বিষয়ে মানুষের ধারণা নেই।”
তিনি বলেন, ছেলে-মেয়েকে খাওয়ানো নিয়ে বিভিন্ন চ্যালেঞ্জের সঙ্গে মায়েদের খাপ খাওয়ার ক্ষেত্রে মাঠকর্মীরা সবচেয়ে বেশি সহায়ক ভূমিকা পালন করতে পারে।
শিশু বিশেষজ্ঞ ডা. খুরশিদ তালুকদার বলেন, অনেক বাবা-মা তার কাছে জানতে চান যে, তাদের এক বছরের শিশুকে মাছ ও মাংস খেতে দেওয়া যায় কি না। “কিন্তু ইতোমধ্যে তা-ই দেরি হয়ে যায়।”
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শিশু বিশেষজ্ঞ মো. শহীদুল্লাহ বলেন, শিশুদের সঠিকভাবে খাওয়ানোর ব্যাপারে মায়েদের সহায়তা করার ক্ষেত্রে কমিউনিটি লেভেলের সহায়তা সহায়ক হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এএইচ/২২৩৮ ঘ.
bdnews24