নুরুল ইসলাম হাসিব
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভিন্ন পদক্ষেপের ফলে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ম্যালেরিয়ার প্রকোপ কমে এলেও এ রোগের জীবাণুর মধ্যে ওষুধপ্রতিরোধী ক্ষমতা গড়ে ওঠায় নতুন করে আশঙ্কা দেখা দিয়েছে।
আন্তর্জাতিক উদারাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) ম্যালেরিয়া গবেষক ডা. ওয়াসিফ আলী খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বর্তমানে ম্যালেরিয়ার চিকিৎসায় আর্টেমিসিনভিত্তিক যে চিকিৎসা পদ্ধতি আমরা ব্যবহার করছি, সেগুলো কাজ না করলে, আমাদের হাতে নতুন কোনো ওষুধ থাকছে না। তখন কার্যকর ওষুধ ছাড়া ম্যালেরিয়ার চিকিৎসা করা কঠিন হয়ে পড়বে।”
ম্যালেরিয়ার জীবাণুর প্রতিরোধ ক্ষমতা যাতে না বাড়তে পারে এজন্য ব্যবস্থাপত্র অনুযায়ী ওষুধের ‘কোর্স’ শেষ করার পরামর্শ দিয়েছেন তিনি।
“ম্যালেরিয়ার রোগীরা যাতে নির্দিষ্ট সময়ে পুরো ওষুধ নিয়মিত খায়, তা নিশ্চিত করতে হবে। কোর্স শেষ না করলে ম্যালেরিয়ার জীবাণুর ওষুধ প্রতিরোধের ক্ষমতা বাড়বে।”
বিজ্ঞানীরা বলছেন, তারা স¤প্রতি থাইল্যান্ড ও মিয়ানমারের মধ্যবর্তী সীমান্তে ম্যালেরিয়ার সাম্প্রতিক ওষুধে জীবাণুর প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠার প্রমাণ পেয়েছেন।
২০০৯ সালে কম্বোডিয়ায় প্রথমবারের মতো ম্যালেরিয়া জীবাণুর ওষুধপ্রতিরোধী হয়ে ওঠা দেখা যায়। তবে মশার মাধ্যমে সেই জীবাণু মিয়ানমারে পৌঁছেছে, না কি সেখানকার জীবাণুও ওষুধপ্রতিরোধী হয়ে উঠেছে- তা জানা যায়নি।
এ কারণে বিশ্ব ম্যালেরিয়া দিবসে বিচক্ষণতার সঙ্গে ওষুধ সেবনের ওপর গুরুত্ব দিচ্ছেন চিকিৎসকরা। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বুধবার বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালিত হয়েছে। এবছর এ দিবসের প্রতিপাদ্য- ম্যালেরিয়া প্রতিরোধে অর্জিত অগ্রগতি অক্ষুণœ রাখা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিওএইচও) তথ্য অনুযায়ী, ম্যালেরিয়ার চিকিৎসায় আর্টেমিসিনভিত্তিক সমন্বিত চিকিৎসা সাম্প্রতিক সময়ে বিশ্বের বিভিন্ন অঞ্চলে ম্যালেরিয়ার প্রকোপ কমিয়ে এনেছে।
বাংলাদেশ সরকারের ম্যালেরিয়া নিয়ন্ত্রণ প্রকল্পের তথ্যানুযায়ী, ২০০৪ সালে দেশে ম্যালেরিয়ায় ৫৩৫ জন মারা যায়। তবে ২০১১ সালে তা ৩৬ জনে নেমে আসে। ২০১০ সালে ম্যালেরিয়ার মারা যায় ৩৭ জন।
২০১১ সালে ম্যালেরিয়াপ্রবণ ১৩ জেলায় ৫১ হাজার ৭৯৫ জন রোগী পাওয়া যায়। ২০১০ সালে এ সংখ্যা ছিল ৫৬ হাজার এবং ২০০৯ সালে ছিল ৬৪ হাজার জন।
জাতীয় ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কার্যক্রমের সঙ্গে জড়িত ডা. নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “২০১১ সালে গুরুতর ম্যালেরিয়া রোগীর সংখ্যাও কমে এসেছে। ২০১১ সালে এ ধরনের রোগীর সংখ্যা ছিলো ৩ হাজার ৯২ জন।”
এদের ৮০ শতাংশ আক্রান্ত হয়েছে তিনটি পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে। এরপর সবচেয়ে বেশি মানুষ ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছে কক্সবাজার, চট্টগ্রাম, সুনামগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, হবিগঞ্জ, নেত্রকোণা, ময়মনসিংহ, শেরপুর ও কুড়িগ্রামে।
ডা. ওয়াসিফ আলী খান বলেন, আমাদের দেশে লোকজনের একটি সাধারণ প্রবণতা হলো রোগ একটু সারলেই তারা ওষুধ খাওয়া বন্ধ করে দেন। ম্যালেরিয়ার ক্ষেত্রেও তারা এমনটি করেন। তিন দিন দুই বেলা করে ওষুধ খাওয়া শেষ করেন না তারা।”
তিনি জানান, পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকাগুলোতে ম্যালেরিয়া রোগীদের তত্ত্বাবধান করাও কঠিন ব্যাপার। তবে সরকারের দেওয়া বিনামূল্যের এসব ওষুধ তারা যাতে সম্পূর্ণ শেষ করেন তা আমাদের লক্ষ্য রাখতে হবে।
বাংলাদেশে ম্যালেরিয়া গবেষকদের মধ্যে অন্যতম অধ্যাপক এমএ ফায়েজ বলেন, “ম্যালেরিয়া রোগীরা যাতে ওষুধের কোর্স শেষ করেন এবং কোনো ভেজাল ওষুধ না খান সেদিকে লক্ষ্য রাখতে হবে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা অনুযায়ী প্রচলিত ওষুধের রোগ প্রতিরোধকারী ক্ষমতা অক্ষুণœ আছে কি না তা প্রতি বছর পযবেক্ষণ করার কথা রয়েছে।”
তিনি জানান, দরিদ্র মানুষেরা ম্যালেরিয়ায় ভোগে বেশি। তাই আমাদের লক্ষ্য রাখতে হবে, তারা যেন বিনামূল্যে ওষুধ, রোগ সনাক্তকারী পরীক্ষা, মশারি ও মশার ওষুধের মতো প্রতিরোধক ব্যবস্থাগুলো হাতে পায়।
ডা. নজরুল ইসলাম জানান, ম্যালেরিয়া প্রতিরোধে ইতোমধ্যে ম্যালেরিয়ার প্রকোপ বেশি এমন এলাকাগুলোতে ৩১ লাখ দীর্ঘস্থায়ী বিশেষ মশারি বিতরণ করেছে সরকার।
ওয়ার্ল্ড ম্যালেরিয়া রিপোর্ট ২০১১ অনুযায়ী, ২০১০ সালে সারা বিশ্বে অন্তত সাড়ে ৬ লাখ মানুষ ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা যায়। এদের মধ্যে বেশিরভাগই শিশু ও গর্ভবতী নারী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/কিউএইচ/এসইউ/১৮৩১ ঘ.
bdnews24