ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদ্য নিয়োগ পাওয়া কমিউনিটি স্বাস্থ্যকর্মীদের দায়িত্ব পালনে কোনো ধরনের গাফিলতি মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আফম রুহুল হক।
ধামরাই স্বাস্থ্য কমপ্লেক্সে বৃহস্পতিবার নতুন স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, “আপনারা নিজেদের লোকজনকে সেবা করার সুযোগ পেয়েছেন। নিয়মিত দায়িত্ব পালন করুন। কোনো ধরনের গাফিলতি আমরা সহ্য করবো না।”
দেশব্যাপী কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে গত অক্টোবরে সাড়ে ১৩ হাজার স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয় সরকার। স্বাস্থ্য খাতে এটাই ছিলো যে কোনো সময়ের তুলনায় একসঙ্গে সবচেয়ে বেশি জনবল নিয়োগ।
বর্তমানে সারাদেশে অন্তত ১১ হাজার দুইশ’ ৬২টি কমিউনিটি ক্লিনিকে সাধারণ জনগণকে প্রতিষেধক ও সীমিত মাত্রায় নিরাময়যোগ্য ব্যধির চিকিৎসা দেওয়া হয়। সাধারণ মানুষের দেওয়া জমির ওপর এসব ক্লিনিক করা হয়েছে। গড়ে ছয় হাজার মানুষের জন্য করা হয়েছে একটি ক্লিনিক।
নিজ গ্রামের কমিউনিটি ক্লিনিকে দায়িত্ব পালনের জন্য এসব স্বাস্থ্যকর্মীকে নিয়োগ দেওয়া হয়েছে।
ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৯ জন স্বাস্থ্যকর্মীসহ এদিন সারা দেশে সদ্য নিয়োগ প্রাপ্ত স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ শুরু হয়।
বাংলাদেশে কমিউনিটি স্বাস্থ্যসেবা কর্মসূচি পুনরুজ্জীবন প্রকল্পের পরিচালক মাখদুমা নার্গিস বলেন, নতুন এ স্বাস্থ্যকর্মীদের ছয় সপ্তাহ তত্ত্বীয় ও ছয় সপ্তাহ ব্যবহারিক শিক্ষা দেওয়া হবে।
“প্রশিক্ষণ শেষে তারা নিজ নিজ কমিউনিটি ক্লিনিকে সমন্বয়কের ভূমিকা পালন করবে।”
একজন স্বাস্থ্য ও একজন পরিবার কল্যাণ সহকারী বর্তমানে সপ্তায় তিন দিন কমিউনিটি ক্লিনিকে মানুষকে চিকিৎসা সহায়তা দেওয়া হয়। সরকারি তথ্য অনুযায়ী, গত তিন বছরে প্রায় ছয় কোটি মানুষ এখান থেকে চিকিৎসা সেবা নিয়েছে।
স্বাস্থ্যকর্মীরা নির্দিষ্ট ৩০টি ওষুধ ও জন্ম নিয়ন্ত্রণের দুটি সামগ্রীর ব্যবহারবিধির বাইরে আর কোনো নির্দেশনা দেবে না।
এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রীও তাদের সতর্ক করে বলেন, আপনাদের এখতিয়ারের বাইরে কোনো ওষুধ সেবনের পরামর্শ দেবেন না। তাদের কার্যক্রম তদারক করার জন্য প্রকল্প পরিচালকের প্রতি আহ্বান জানান তিনি।
কমিউনিটি ক্লিনিকের কার্যক্রমের ওপর নজর রাখার জন্য নয় থেকে ১৩ জন সদস্য নিয়ে একটি কমিউনিটি গ্র“প গড়া হয়। স্থানীয় ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্যকে প্রেসিডেন্ট ও ভূমি দাতাকে ভাইস প্রেসিডেন্ট করে গড়ে ওঠে এ গ্র“প।
ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নির্বাচনী ইশতিহারে কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম আবারো সচল করার প্রতিশ্র“তি ছিলো। ১৯৯৬-২০০১ সাল মেয়াদে আওয়ামী লীগ সরকারের সময় এ ক্লিনিকের যাত্রা শুরু হয়। কিন্তু ২০০১ সালে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার ক্ষমতায় আসার পর এর কার্যক্রম বন্ধ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এএইচ/পিডি/০০১৭ ঘ.
bdnews24