ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রোগীদের 'সুলভমূল্যে মানসম্পন্ন ওষুধ' সরবরাহে বাণিজ্যিকভিত্তিতে নিজস্ব ওষুধের দোকান খুলেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রাণ গোপাল দত্ত রোববার দোকানটি উদ্ধোধন করেন।
তিনি বলেন, "রোগীরা যে কোন সময়ে এখান থেকে ওষুধ কিনতে পারবেন, এটি ব্যবসায়িক লাভের কোনো প্রতিষ্ঠান নয়।"
দোকান শুরুর প্রথম তিন ঘণ্টায় প্রায় ৩৫ হাজার টাকার ওষুধ বিক্রি হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মজিদ ভুঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
প্রথম শ্রেণীর ৪৪টি ওষুধ কোম্পানির ওষুধ বিক্রি করা হবে বলেও তিনি জানান।
তিনি বলেন, "কোনো ধরনের চুরির ঘটনা যেন না ঘটে সেজন্য ক্লোজ সার্কিট ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণের ব্যবস্থা রাখা হবে।"
এর আগে এ দোকানটি একজন রাজনৈতিক প্রভাবশালী এক ব্যবসায়ীর কাছে ভাড়া দেওয়া হলেও তিনি ভাড়া পরিশোধ করেননি- এ কথা জানিয়ে মজিদ ভূঁইয়া বলেন, "তাকে উচ্ছেদের জন্য আমরা আদালতে গিয়েছি।"
"তখন থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি এটা আমরা নিজেরা পরিচালনা করব। রোগীরা স্বল্প মূল্যে মানসম্পন্ন ওষুধ পেলে লাভবান হবে"।
বিশ্ববিদ্যালয় কেবিন ব্লকে প্রবেশের মুখে বাম দিকে দোকানটি অবস্থিত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/আরএম/পিডি/১৯১৯ ঘ.
bdnews24