খুলনা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনায় একটি ডায়াগনষ্টিক সেন্টারে হাত-পা বাঁধা অবস্থায় এক কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের নাম ইউনুস আলী মোড়ল (২৩)। তিনি নগরীর সাউথ সেন্ট্রাল রোডস্থ সেতু ডায়াগনষ্টিক সেন্টারের এক্স-রে টেকনিশিয়ান হিসেবে কাজ করতেন। তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে।
খুলনা সদর থানার ওসি এসএম কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার সকালে পরিচারিকা এসে ওই ডায়াগনষ্টিক সেন্টারের দরজা খোলা দেখতে পান। ভেতরে একটি কক্ষে হাত-পা বাধা অবস্থায় ইউনুসের মৃতদেহ দেখে তিনি আশপাশের লোকজনকে ডাকেন। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
ওসি বলেন, ইউনূসকে শ্বাস রোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় ডায়াগনষ্টিক সেন্টারের মালিক মীর মনিরুজ্জামানকে আটক করা হয়েছে।
ইউনূসের বাবা আমজাদ হোসেন মোড়ল থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
আটককৃত মনিরুজ্জামান দাবি করেন, তার কর্মচারী ইউনুসকে হত্যা করে দুর্বৃত্তরা নগদ দুই লাখ টাকা, একটি ডিজিটাল ক্যামেরা ও বিভিন্ন মালামাল নিয়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/কেএমএস/২০০১ ঘ.
bdnews24