২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যান্সার মানেই হেরে যাওয়া নয়

ক্যান্সার আক্রান্ত হওয়ার এক বছরের মধ্যে সুস্থ হয়েছিলেন ইব্রাহিম খলিলি। তার মতো মানুষেরা পারেন ক্যান্সার-আক্রান্তদের লড়াইয়ের শক্তি যোগাতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2011, 04:06 AM

Updated : 24 Aug 2022, 03:13 PM

ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্যান্সার আক্রান্ত হওয়ার এক বছরের মধ্যে সুস্থ হয়েছিলেন ইব্রাহিম খলিলি। তার মতো মানুষেরা পারেন ক্যান্সার-আক্রান্তদের লড়াইয়ের শক্তি যোগাতে। বয়স ৩০-এর কোটায় থাকা অবস্থায় ২০০০ সালের নভেম্বর মাসে দূরারোগ্য ব্লাড ক্যান্সারে আক্রান্ত হন ইব্রাহিম। আক্রান্ত হওয়ার শুরুর দিকেই পরীক্ষা-নিরীক্ষা, সঠিক চিকিৎসা ও মনোবলের কারণে ওই ঘাতক ব্যাধিকে পরাজিত করেন তিনি। রোববার জাতীয় ক্যান্সার মুক্তি দিবসের আগের দিন খলিলি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি ভাগ্যবান যে, শুরুর দিকেই আমার ক্যান্সার ধরা পড়ে এবং চিকিৎসকরা আমাকে আশ্বস্ত করেন।" বিশেষজ্ঞরা বলেন, ক্যান্সার থেকে মুক্তি পাওয়া সম্ভব এবং নিরাশ হওয়ার কিছু নেই- এ কথাটিই এ দিনে মানুষকে জানাতে হবে। রাজধানীর স্কয়ার হাসপাতালের চিকিৎসক ক্যান্সার বিশেষজ্ঞ ডা. কামরুজ্জামান চৌধুরী বলেন, "চিকিৎসা নিয়ে ক্যান্সার থেকে মুক্তি পাওয়া ব্যক্তিই ক্যান্সার রোগীদের আশাবাদী করার ক্ষেত্রে সবচেয়ে উপযুক্ত মানুষ।" "সবাই মনে করে, একবার ক্যান্সার হলে বাঁচার সব আশা শেষ। কিন্তু এটা ঠিক নয়। আসল সত্য হচ্ছে, সঠিক সময়ে ধরা পড়লে ও সঠিক চিকিৎসা হলে ক্যান্সার নিরাময়যোগ্য।" চিকিৎসা নিয়ে ক্যান্সার থেকে মুক্তি পাওয়া কোনো ব্যক্তি তার চিকিৎসা ও অভিজ্ঞতার কথা চিকিৎসাধীন কোনো ক্যান্সার রোগীকে বললে তিনি আশাবাদী হবেন বলে মনে করেন কামরুজ্জামান। খলিলি বলেন, কেমোথেরাপি নিয়ে আমি বেঁচেছি। পুরোপুরি নিরাময় হওয়ার পরবর্তী সাত মাস পর্যন্ত হাঁটতেও পারতাম না। শিশুর মতো হামাগুড়ি দিয়ে চলতাম। কিন্তু সবসময় আমি আত্মবিশ্বাসী ছিলাম। এখন অন্য সবার মতো সাধারণ জীবনযাপনকারী এ পোশাক কারখানার কর্মী বলেন, "আমার একটা বিশেষ 'ইচ্ছা' শক্তি ছিলো।" ২০০০ সালের নভেম্বরে খলিলি প্রথম বুকে একটি ফোড়ার অস্তিত্ব বুঝতে পারেন। প্রথম দিকে সেটাকে পাত্তা দেননি তিনি। কিন্তু ফোড়াটা বদলাতে শুরু করলে এবং লক্ষ্মণ তার পরিচিত মনে না হলে চিকিৎসকের কাছে যান। "চিকিৎসক ফোড়াটা বের করে ফেলেন। কিন্তু আমার বাহুর নিচে অস্বাভাবিক কিছু পরিবর্তন দেখা দেয়।" চিকিৎসক বললেন, আমার ক্যান্সার হয়েছে। সুস্থ হতে আমার এক বছরের মতো চিকিৎসা নিতে হয়েছিলো। পরিবারের সমর্থন, ভালো চিকিৎসা এবং আত্মবিশ্বাসই ক্যান্সারের সঙ্গে লড়াইয়ের মূল হাতিয়ার বলে মনে করেন খলিলি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এএইচ/পিডি/১০০০ ঘ.