২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাস্থ্যনীতি অনুমোদন

জাতীয় স্বাস্থ্যনীতির খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা। অনুমোদিত হয়েছে আদালত অবমাননা আইনও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2011, 09:35 AM

Updated : 24 Aug 2022, 03:10 PM

ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় স্বাস্থ্যনীতির খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা। অনুমোদিত হয়েছে আদালত অবমাননা আইনও। সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকের সিদ্ধান্ত সাংবাদিকদের জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ। তিনি বলেন, আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের ধারাবাহিকতায় একটি যুগোপযোগী স্বাস্থ্যনীতি প্রণয়ন করা হয়েছে। সবার জন্য সুস্বাস্থ্য ও চিকিৎসা সেবা নিশ্চিত এবং চিকিৎসা উপকরণ জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই এ নীতির মূল লক্ষ্য। স্বাস্থ্যসেবায় এনজিওগুলোকে উৎসাহিত করার কথাও স্বাস্থ্যনীতিতে রয়েছে বলে জানান প্রেস সচিব। মন্ত্রিসভার বৈঠকে বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়ন ট্রাস্ট আইন-২০১১ এর খসড়া এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প (ভূমি অধিগ্রহণ) আইন-২০১১ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে পরীক্ষার্থীদের কাছ থেকে বিজ্ঞানের উন্নয়নে যে অর্থ নেওয়া হয়ে থাকে, তা নিয়ে ভবিষ্যতে যেন কোনো জটিলতা দেখা না দেয়, সেজন্যই বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়ন ট্রাস্ট আইন হচ্ছে বলে আবুল কালাম জানান। মন্ত্রিসভার বৈঠকে যুক্তরাজ্যে অনুষ্ঠিত কমনওয়েলথ মন্ত্রী পর্যায়ের বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির অংশগ্রহণ, ভিয়েতনাম থেকে জি২ পর্যায়ে চাল আমদানির লক্ষ্যে সমঝোতা স্মারক সইয়ের জন্য বাংলাদেশ প্রতিনিধি দলের ভিয়েতনাম সফর এবং জেনেভায় অনুষ্ঠিত আন্তর্জাতিক শ্রম সংস্থার গভর্নিং বডির ৩১০তম অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের অংশগ্রহণের বিষয়গুলো জানানো হয়। আবুল কালাম বলেন, "প্যারিসের দুফেঁ বিশ্ববিদ্যালয়ের স্বর্ণপদক পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মন্ত্রিসভার সদস্যরা অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী জবাবে বলেছেন, তার এই সম্মান দেশের জনগণের জন্য।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৫৩৫ ঘ. এ সম্পর্কিত আরো খবর ক্স মন্ত্রিসভায় উঠছে স্বাস্থ্যনীতির খসড়া