ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিশু মৃত্যুর ঝুঁকি হ্রাস এবং ভিটামিন-এ এর অভাবে শিশুদের অন্ধত্ব প্রতিরোধের লক্ষ্য নিয়ে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী তার সরকারি বাড়ি গণভবনে শনিবার সকালে কয়েকটি শিশুকে ভিটামিন-এ এবং ক্রিমিনাশক ওষুধ খাইয়ে কর্মসূচি উদ্বোধন করেন।
দেশের ১ কোটি ৭০ লাখেরও বেশি শিশুকে ভিটামিন-এ এবং ক্রিমিনাশক ওষুধ খাওয়ানোর এ কর্মসূচি রোববার পালন হবে। এক থেকে পাঁচ বছর বয়সের শিশুদের ভিটামিন-এ এবং দুই থেকে পাঁচ বছরের শিশুদের ক্রিমিনাশক ওষুধ খাওয়ানো হবে।
সব শিশুকে ভিটামিন এ খাওয়ানোর জন্য অভিভাবকদের তাগিদ দিয়ে শেখ হাসিনা বলেন, "ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন সফল করতে সমাজের সব শ্রেণীর সচেতন সাগরিকদের বিশেষ করে বাবা-মা ও অভিভাবকদের সক্রিয়ভাবে এগিয়ে আসতে হবে।"
দেশের স্বাস্থ্যসেবার উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী আফম রুহুল হক, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৩৫০ ঘ.
bdnews24