২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট উইমেন্স মেডিক্যালে নার্স-ওয়ার্ডবয় ধর্মঘট

চিকিৎসকের হাতে ওয়ার্ডবয় লাঞ্ছিত হওয়ায় সিলেটের উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালে নার্স ও ওয়ার্ডবয়রা ধর্মঘট শুরু করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2011, 12:44 PM

Updated : 24 Aug 2022, 03:06 PM

সিলেট, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চিকিৎসকের হাতে ওয়ার্ডবয় লাঞ্ছিত হওয়ায় সিলেটের উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালে নার্স ও ওয়ার্ডবয়রা ধর্মঘট শুরু করেছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালের চিকিৎসক ফয়সাল আহমদ মারধর করেন ওয়ার্ডবয় রানাকে। বুধবার সকাল থেকে ধর্মঘট শুরু হয়। এতে ভোগান্তির শিকার হয়ে অর্ধশতাধিক রোগী হাসপাতাল ছেড়ে চলে গেছে। সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. রেজাউল করিম জানান, হাসপাতালের স্টাফদের মধ্যে সামান্য সমস্যা হয়েছে। এ কারণে কিছু রোগী হাসপাতাল থেকে চলে গেছে। পরে সমস্যার সমাধান করে দেওয়া হয়েছে। ওই হাসপাতালের পরিচালক এহসান এমদাদ জানান, হাসপাতালের ডাক্তার ও অন্য কর্মচারীদের মধ্যে যে সমস্যা হয়েছিল তা মিটে গেছে। ধর্মঘটের কারণে হাসপাতাল থেকে বেশকিছু রোগী চলে যাওয়ায় প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতি হয়েছে। বিকালে শহরতলীর কল্লগ্রামের জামাল মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি স্ত্রীকে নিয়ে হাসপাতালে এসেছিলেন। কিন্তু সারাদিন ডাক্তার ও নার্সদের দেখা না পেয়ে হাসপাতাল থেকে চলে যাচ্ছেন। দক্ষিণ সুরমার গিয়াস মিয়া জানান, দুইদিন আগে তিনি তার বোনকে হাসপাতালে ভর্তি করেছিলেন। আজ (বুধবার) তার টিউমার অপারেশনের কথা ছিল। কিন্তু ধর্মঘটের কারণে তিনি তার বোনকে নিয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/১৮৩৯ ঘ.