পঞ্চগড়, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দুটি ইউনিয়নে কালাজ্বরের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। সন্দেহভাজন ১০০ রোগীর রক্ত পরীক্ষা করে ৬০ জনের রক্তে কালাজ্বরের জীবাণু পাওয়া গেছে।
দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ২৩ জনকে ভর্তি করা হয়েছে। অন্যরা বাড়িতে চিকিৎসা নিচ্ছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।
উপজেলার দেবীডুবা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কালাজ্বরের কারণে অবস্থা খুব খারাপ। এখনো অনেক সন্দেহভাজন রোগী রক্ত পরীক্ষার বাইরে আছে। হাসপাতালে রক্ত পরীক্ষার জিনিসপত্র নাই।"
কালাজ্বর ধরা পড়েছে উপজেলার শালডাঙ্গা ইউনিয়নেও।
শালডাঙ্গা ইউপি চেয়ারম্যান হাসনাত জামান চৌধুরী জর্জ বলেন, এখানে কালাজ্বর এখনো মহামারি আকারে দেখা যায়নি। তবে এখানে অনেক পরিবারেই এক-দু'জন করে রোগী আছে।
রোববার সরেজমিনে গিয়ে দেখা যায়, দেবীডুবা ইউনিয়নের দারারহাট ও পাইকার পাড়াতে কালাজ্বরের প্রাদুর্ভাব বেশি।
শালডাঙ্গা ইউনিয়নের দীঘল গ্রাম, পূর্ব শিকারপুর দাশপাড়া, ঝান্টাপাড়া, শিমুলগুড়ি ও ধ্যানগ্রামেও লোকজন কালাজ্বরে আক্রান্ত হচ্ছে।
দারারহাট গ্রামের সইব্বা রাণী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনি জ্বর সারানোর জন্য বাসায় থেকেই হাসপাতালের দেওয়া ওষুধ খাচ্ছেন। স্বামী হরেন্দ্রনাথ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
কয়েকবছর আগে সইব্বা রাণীর মেয়ে সমারি কালাজ্বরে মারা যায়।
একই গ্রামের নীলমণি রায় (৫০) জানান, তিনি ময়মনসিংহে ২১ দিন চিকিৎসা নিয়ে বর্তমানে সুস্থ আছেন। ২ বছর আগে তার বড়ভাই কিশোরী মোহন রায় কালাজ্বরে আক্রান্ত হয়ে মারা যান।
একই গ্রামের অনুকূল চন্দ্র রায় জানান, কালাজ্বরে আক্রান্ত হয়ে গত কয়েক বছরে গ্রামের ঝরু রাম (৪২), রমেশ (৫৫) ও তার বোন নীরতা (৪০), প্রফুল্ল রায়ের মেয়ে পূর্ণিমা (১৩), টিপিন্দ্র নাথের স্ত্রী সুমতিসহ প্রায় ১০ জন মারা যান।
স্থানীয় জানান, এলাকাটিতে ১০/১২ বছর আগে কালাজ্বরের প্রভাব দেখা দেয়। কিন্তু তখন লোকজন বুঝতে পারেনি। ৩/৪ বছর আগে এলাকায় একজনের পর আরেকজন দীর্ঘমেয়াদে জ্বরে ভুগতে থাকলে রোগটিকে কালাজ্বর বলে সন্দেহ হয় তাদের।
এলাকাবাসীর অভিযোগ, তখন স্থানীয় স্বাস্থ্য বিভাগ এ নিয়ে কোনো তৎপরতা দেখায়নি। ফলে কালাজ্বর আরো বেড়ে যায়।
মাস দেড়েক আগে স্থানীয় সংসদ সদস্য নুরুল ইসলামকে গণদরখাস্ত দেওয়ার পর স্বাস্থ্য বিভাগ তৎপর হয়ে ওঠে। পরে ঢাকা থেকে বিশেষজ্ঞরা আসে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মাসুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই গ্রামগুলোতে কালাজ্বরের প্রাদুর্ভাব দেখা দিলেও তা নিয়ন্ত্রণে রয়েছে।
তিনি জানান, ২৩ জন রোগী হাসপাতালে ভর্তি আছে। আক্রান্তদের মধ্যে ৫ জনকে ইঞ্জেকশন ও বাকিদের ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। নিয়মিত পরিস্থিতি তদারকি করা হচ্ছে।
রক্ত পরীক্ষার উপকরণ সঙ্কট এখন থাকলেও শিগগিরই ঢাকা থেকে উপকরণ ঢাকা আসছে বলে ডা. মাসুদ জানান।
২০-২২ দিন আগে ঢাকার কমিউনিকেবল ডিজিস কন্ট্রোল বিভাগ ও কালাজ্বর সংক্রান্ত প্রকল্পের ডেপুটি প্রজেক্ট ম্যানেজারের নেতৃত্বে দুটি দল উপদ্রুত এলাকা পরিদর্শন করেছেন।
তারা দারারহাট গ্রামের মাটি পরীক্ষার জন্য নিয়ে গেছেন বলে জানান স্বাস্থ্য কর্মকর্তা।
স্বাস্থ্য বিভাগের পরামর্শ
'স্যান্ডফ্লাই' নামক এক প্রকার ছোট মাছির কামড়ে রক্তে কালাজ্বরের জীবাণু ঢুকে। এরা সাধারণত রাতের বেলা গরু-মহিষের রক্ত খায়। গরু-মহিষের রক্ত খেয়ে মানুষকে কামড় দিলে রক্তে কালাজ্বরের জীবাণু প্রবেশ করে।
এজন্য গোয়াল ঘর থেকে একটু দূরে শোবার ঘর থাকতে হবে। রাতের বেলা গায়ে জামা-কাপড় জড়িয়ে ঘুমাতে হবে। পাশাপাশি মশারিও টাঙ্গাতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৭৫০ ঘ.
bdnews24