ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের প্রতি জেলা সদর হাসপাতালে সরকার বার্ন ইউনিট খোলার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক।
মঙ্গলবার ঢাকায় সোসাইটি অব প্লাস্টিক সার্জনস অব বাংলাদেশের এক সেমিনারে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কাজ চলছে। পাশাপাশি সারা দেশে আরো ৯৮ জন প্লাস্টিক সার্জন নিয়োগের প্রক্রিয়া শিগগির শুরু হবে।
এছাড়া কনিষ্ঠদের ভালোভাবে প্রশিক্ষিত করে তোলার জন্য জ্যেষ্ঠ চিকিৎসকদের প্রতি আহ্বান জানান রুহুল হক।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের প্রকল্প পরিচালক ডা. সামন্ত লাল সেন জানান, শিগগিরই চট্টগ্রাম, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং খুলনায় বার্ন ইউনিট খোলা হবে।
২০০৩ সালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রথম ৫০ শয্যার বার্ন ইউনিট খোলা হয়।
রাজধানীতে অপর এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সিভিল সার্জনদের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ করেন।
এ সময় তিনি সিভিল সার্জনদের সতর্ক করে দিয়ে বলেন, সরকারি হাসপাতালে দীর্ঘ সময় ধরে চিকিৎসা সরঞ্জাম অব্যবহৃত অবস্থায় পড়ে থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিএনবি/এএল/এইচএ/২২০৬ ঘ.
bdnews24