চট্টগ্রাম, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম জেলায় ২০১০ সালে মোট নয় হাজার ৫৫৪ জন যক্ষ্মা রোগী শনাক্ত করা হয়। এদের ৯২ শতাংশই সুস্থ হয়েছেন।
যক্ষ্মা দিবস সামনে রেখে বুধবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বেসরকরি উন্নয়ন সংস্থা ব্র্যাকের আঞ্চলিক পরিচালক (চট্টগ্রাম) কাজী নুরুন্নবী এ তথ্য জানান।
বৃহস্পতিবার দেশজুড়ে 'বিশ্ব যক্ষ্মা দিবস ২০১১' পালিত হবে। দিবসটির এবারের শ্লোগান 'ঐক্যবদ্ধ প্রচেষ্টায় যক্ষ্মামুক্ত দেশ গড়ি'।
স্বাস্থ্য বিভাগ, ব্র্যাক ও চট্টগ্রাম প্রেসক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত এ সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রামে বিশ্ব যক্ষ্মা দিবস উদযাপনের প্রকল্প সম্মনয়কারী স্বপ্না তালুকদার ও চট্টগ্রামের ভারপ্রাপ্ত সিভিল সার্জন মোর্শেদুল করিম চৌধুরী।
ব্র্যাকের কাজী নুরুন্নবী এক প্রশ্নের জবাবে বলেন, "গত বছর চট্টগ্রাম জেলার ১৪টি উপজেলায় মোট পাঁচ হাজার ৫১৪ জন এবং চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) এলাকায় চার হাজার ৪০ জন যক্ষ্মা রোগী শনাক্ত হন। এর মধ্যে সিসিসি এলাকায় ৯০ শতাংশ এবং উপজেলা পর্যায়ে ৯৪ শতাংশ রোগী সুস্থ হয়েছেন।"
২০১০ সালে চট্টগ্রাম জেলায় যক্ষ্মা আক্রান্ত হয়ে মোট ১৪০ জন মারা গেছেন জানিয়ে ভারপ্রাপ্ত সিভিল সার্জন মোর্শেদুল করিম বলেন, "এদের অধিকাংশই যক্ষ্মার পাশাপাশি অন্য রোগে আক্রান্ত থাকায় আর সুস্থ হতে পারেননি।"
তিনি জানান, গত বছর পর্যন্ত যক্ষ্মার ঝুঁকিতে থাকা ২২টি দেশের তালিকায় বাংলাদেশ অবস্থান ছিল পঞ্চম। চলতি বছর এ তালিকায় বাংলাদেশ ষষ্ঠ অবস্থানে নেমে এসেছে।
সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থা যক্ষ্মা নির্মূলে দেশব্যাপী কাজ করে যাচ্ছে জানিয়ে মোর্শেদুল করিম বলেন, "যক্ষ্মা রোগীদের জন্য সরকার সারা দেশে বিনামূল্যে চিকিৎসা দিচ্ছে। তবে যক্ষ্মামুক্ত দেশ গড়তে হলে সাধারণ মানুষকে আরো সচেতন হতে হবে।"
যক্ষ্মা দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৯টায় নগরীর আন্দরকিলায় সিভিল সার্জন কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/জেকে/২০৩১ ঘ.
bdnews24