ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্থিসন্ধি প্রতিস্থাপনের মতো জটিল অস্ত্রোপচারও হচ্ছে দেশের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যালে। গত আট মাসে এরকম ১০টি সফল অস্ত্রোপচার হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শল্যবিদ ডা. আবু জাফর চৌধুরী শনিবার এ কথা জানান। এদিন অস্ত্রোপচার কক্ষের বাইরে একটি বড় পর্দায় সরাসরি প্রদর্শিত হয়েছে একটি অস্ত্রোপচার।
প্রদর্শনীতে দিলরুবা আরা (৬২) নামে এক নারীর হাঁটুর অস্থিসন্ধি প্রতিস্থাপনের অস্ত্রোপচার দেখানো হয়। দিলরুবার স্বামী বিএসএমএমইউ'র সাবেক উপাচার্য প্রফেসর নজরুল ইসলাম এ অস্ত্রোপচার করেন।
বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক বিভাগের শল্যবিদদের প্রশিক্ষণের অংশ হিসাবে তাকে সহায়তা করেন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অস্থিসন্ধি প্রতিস্থাপন কয়েকজন শল্যবিদ।
এক বছর আগে বিদেশি এই হাসপাতালটির সঙ্গে বিএসএমএমইউ'র এ সংক্রান্ত একটি চুক্তি হয়।
ডা. আবুল জাফর চৌধুরী বলেন, দুই দেশের দুটি প্রতিষ্ঠানের বিশেষজ্ঞদের অভিজ্ঞতা বিনিময়ের এই উদ্যোগের ফলে নতুন দ্বার উন্মোচিত হলো। চিকিৎসক বিনিময় কর্মসূচির ফলে বাংলাদেশের চিকিৎসকদের উপকার হবে।
সাশ্রয়ী খরচে কটি ও হাঁটুর অস্থিসন্ধি নিয়মিতভাবেই প্রতিস্থাপন করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, রোগীদের কাছ থেকে এ ব্যাপারে ভালো সাড়াও পাওয়া গেছে।
বিশেষজ্ঞরা বলছেন, অস্থিসন্ধির সংযোগস্থলে উচ্চমাত্রার ব্যাথা উপশমে অস্থিসন্ধি প্রতিস্থাপনের কোনো বিকল্প নেই। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এ ধরনের জটিলতা দেখা দেয়।
মূলত শহরের অধিবাসীরা গ্রামের মানুষের চেয়ে এ ধরনের জটিলতায় বেশি ভোগে। এটি এড়াতে নিয়মিত ব্যায়ামের কোনো বিকল্প নেই। দেহে অতিরিক্ত ১০ কিলোগ্রাম ভরের জন্য হাঁটুতে ৭০ থেকে ৮০ কিলোগ্রাম চাপ পড়ে, যে কারণে এ ধরনের সমস্যা দেখা দেয়।
জাফর চৌধুরী বলেন, হাঁটুতে ব্যাথার কারণে দিলরুবা আরা হাঁটতে পারতেন না। এ জন্য তিনি সিঙ্গাপুর যেতে চেয়েছিলেন।
বিএসএমএমইউ'র সুযোগ-সুবিধা দেখে প্রফেসর বোন কেংতে তাকে বলেন, এখানে এ ধরনের সেবা দেওয়া সম্ভব। সুযোগ-সুবিধাও বেশ ভালো।
জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রেও অস্থিসন্ধি প্রতিস্থাপনের অস্ত্রোপচার নিয়মিত হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এএল/পিডি/১৮৩৩ ঘ.
bdnews24