ঢাকা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ভেজাল প্যারাসিটামল তৈরির অভিযাগে করা মামলায় রিড ফার্মাসিউটিক্যালসের মালিক মিজানুর রহমানসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে ঢাকার একটি আদালত।
অপর আসামিরা হলেন- মিজানুর রহমানের স্ত্রী রিড ফার্মার পরিচালক শিউলি রহমান, পরিচালক আব্দুল গনি, ফার্মাসিস্ট মাহবুবুল ইসলাম ও এনামুল হক।
বুধবার দুপুরে ঢাকার ওষুধ আদালতের (ড্রাগ আদালত) বিচারক মো. আবদুল মজিদ তাদের বিরুদ্ধে এ অভিযোগ গঠন করেন।
কাঠগড়ায় দাঁড়ানো জামিনে থাকা দুই আসামি মিজানুর রহমান ও শিউলি রহমানকে অভিযোগ পড়ে শুনানো হলে তারা প্রত্যেকে নিজেদের নির্দোষ দাবি করে বিচার চান। মামলার অপর আসামিরা শুরু থেকেই পলাতক রয়েছেন।
এ মামলায় সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন ধার্য করা হয়েছে আগামি ১১ এপ্রিল।
২০০৯ সালের জুন থেকে অগাস্ট পর্যন্ত রিড ফার্মার ভেজাল প্যারাসিটামল সিরাপ পানে সারাদেশে ২৮ শিশুর মৃত্যুর অভিযোগ পাওয়া যায়। এরপর ওই বছরের ১০ অগাস্ট ঢাকার ওষুধ (ড্রাগ) আদালতে পাঁচ জনের বিরুদ্ধে মামলা করেন ড্রাগ সুপার শফিকুল ইসলাম ।
মামলা নিয়েই সব আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। সে সময় ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন স্থানে রিড ফার্মার বিরুদ্ধে আরো চারটি মামলা হয়।
এর আগে আসামি পক্ষের সময় আবেদনের কারণে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন ছয় বার পিছিয়ে যায় ।
এ আদালতের রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি মাহমুদ হোসেন জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অননুমোদিত, ভেজাল, মানবহির্ভূত ওষুধ প্রস্তুতের অপরাধে আসামিদের বিরুদ্ধে এ অভিযোগ গঠন করা হয়।
তিনি জানান, রিড ফার্মার বিরুদ্ধে শিশু মৃত্যুর ঘটনায় ভেজাল ওষুধ তৈরির অভিযোগে নারায়নগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও সিলেটের আদালতে আরো মামলা বিচারাধীন রয়েছে।
এদিকে একই আদালতে (ঢাকার ওষুধ আদালত) বিচারাধীন ভেজাল প্যারাসিটামল খেয়ে ১৯৯১ সালে ৭৬ শিশুর মৃত্যুর ঘটনায় এ্যাডফ্লেইম ফার্মাসিটিউক্যালসের বিরুদ্ধে দায়ের করা মামলার বিচার চলছে ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এইচএ/১৯০৪ ঘ.
bdnews24