ঢাকা, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বার্ড ফ্লু সংক্রমণ ধরা পড়ায় নারায়ণগঞ্জের আড়াইহাজার এবং জয়পুরহাটের ক্ষেতলালে প্রায় ১০ হাজার মুরগি নিধন করা হয়েছে। ঢাকার সাভারে সাড়ে ৪ হাজার মুরগি নিধনের সিদ্ধান্ত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সাভার প্রতিনিধি জানান, বুধবার বিকালে উপজেলার বনগাঁ ইউনিয়নের গান্দারিয়া এলাকার 'স্টার পোল্ট্রি' খামারে বার্ড ফ্লু সংক্রমণ নিশ্চিত হওয়ায় ওই খামারের সাড়ে ৪ হাজার মুরগি নিধনের নির্দেশ দেয় প্রাণীসম্পদ অধিদপ্তর।
সাভার উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ফরহাদুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই খামারে মারা যাওয়া কয়েকটি মুরগি পরীক্ষা করে 'বার্ড ফ্লু' সংক্রমণের বিষয়টি মঙ্গলবার নিশ্চিত হওয়া যায়।
"আজ (বুধবার) রাতেই ঢাকা জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোহাম্মদ আলীর উপস্থিতিতে ওই খামারের আক্রান্ত সাড়ে ৪ হাজার মুরগি নিধন করা হবে", বলেন তিনি।
স্টার পোল্ট্রি'র মালিক আব্দুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২২ ফেব্র"য়ারি তার খামারে একসঙ্গে ২০/২৫ টি মুরগি মারা যায়। পর দিন আরো মুরগী মারা যেতে থাকে। এরপরই তা পরীক্ষার জন্য পাঠানো হয়।
এর আগে গত কয়েকদিনে সাভারে ছয়টি খামারে ২০ হাজারের বেশি মুরগি নিধন করা হয়েছে।
জয়পুরহাট প্রতিনিধি জানান, মঙ্গলবার রাতে ক্ষেতলালের একটি খামারের ৯ হাজারের বেশি মুরগি নিধন এবং ১০ হাজার ডিম নষ্ট করা হয়েছে।
জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা অনিল কুমার পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভাশিলা চৌমুহনীতে অবস্থিত 'মোল্লা পোল্ট্রি' খামারে কয়েকদিন ধরে প্রচুর মুরগি মারা যেতে থাকে। পরীক্ষার জন্য মরা মুরগির নমুনা জয়পুরহাট আঞ্চলিক প্রাণীসম্পদ রোগ গবেষণাগারে পাঠানো হলে বার্ড ফ্লু সংক্রমণ ধরা পরে।
এরপর নমুনা ঢাকায় পাঠানো হলে সেখানে পরীক্ষার পরও বার্ড ফ্লু ধরা পড়লে ওই খামারের মুরগি নিধনের নির্দেশ আসে।
সে অনুযায়ী রাতভর খামারের ৯ হাজার ৬৫টি মুরগি এবং ১০ হাজার ২৩৫টি ডিম নিধন করে মাটিতে পুঁতে ফেলা হয় বলে প্রাণীসম্পদ কর্মকর্তা অনিল জানান।
আক্রান্ত খামারের ৫০ মিটার দূরেই আরো একটি মুরগি খামারও পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে প্রাণীসম্পদ কর্মকর্তারা জানিয়েছেন।
নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের কলাগাছিয়া তাঁতীপাড়া গ্রামে বার্ড ফ্লু আক্রান্ত ৮১০টি মুরগি মঙ্গলবার রাতে নিধন করা হয়েছে।
তাঁতীপাড়া গ্রামের ফাইজুল সরকারের একটি মুরগি খামারে গত কয়েক দিনে প্রায় ২ শতাধিক মুরগি মারা যায়।
আড়াইহাজার উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা তরিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মরা মুরগির নমুনা ঢাকার কেন্দ্রীয় পশু রোগ গবেষণাগারে পাঠানো হয়। সেখানে বার্ড ফ্লু সংক্রমণ নিশ্চিত হওয়ার পর খামারের অন্য মুরগিগুলো মেরে ফেলার নির্দেশ দেয় প্রাণীসম্পদ বিভাগ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/২০২০ ঘ.
bdnews24