২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহ মেডিকেলে সংঘর্ষ, জরুরি বিভাগে তালা

অপ্রীতিকর ঘটনার জের ধরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বহিরাগতদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। এ ঘটনার পর বিক্ষুব্ধ ছাত্ররা হাসপাতালের জরুরি বিভাগে তালা লাগিয়ে দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2011, 05:58 PM

Updated : 24 Aug 2022, 02:34 PM

ময়মনসিংহ, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপ্রীতিকর ঘটনার জের ধরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বহিরাগতদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। এ ঘটনার পর বিক্ষুব্ধ ছাত্ররা হাসপাতালের জরুরি বিভাগে তালা লাগিয়ে দিয়েছে। দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলাকালে হাসপাতালে আতংক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতাল চত্বরে বিপুল সংখ্যাক পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৮টার দিকে মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী মাসুম হোসেন আরিফ ও তার এক সহপাঠী প্রশাসনিক ভবনের তৃতীয় তলার বারান্দা দিয়ে যাওয়ার সময় দুই বহিরাগত যুবক তাদের গায়ের ওপর এসে পড়ে। এ সময় মাসুম এর প্রতিবাদ করলে দুই যুবক তাকে মারধর শুরু করে। এ সময় অন্য শিক্ষার্থীরা এগিয়ে এসে একজনকে আটক করে। অপর যুবক এলাকার লোকজন জড়ো করে কিছুক্ষণ পর লাঠি সোটা নিয়ে হাসপাতালে চড়াও হয় এবং ভাংচুর করে। এ সময় হামলাকারীরা মেডিকেল ছাত্রদের মারধর করে বলেও অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। এলাকাবাসীর হামলায় মেডেকেলের শিক্ষার্থী পারভেজ, আলতাফ, কামরুল, শিপু, মামুনসহ বেশ কয়েকজন আহত হন। এর জের ধরে বিক্ষুব্ধ ছাত্ররা রাত ১০টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে তালা লাগিয়ে দেয়। এ সময় বেশ কয়েকজন রোগী ভেতরে ঢুকতে না পেরে হাসপাতাল থেকে চলে যান। এদিকে চরপাড়া এলাকার এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কথাকাটাকাটির জের ধরে মেডিকেল ছাত্ররা এলাকার এক যুবককে আটকে রেখে বেদম মারধর করে। পরে ছেলেটিকে উদ্বার করতে এলাকাবাসী হাসপাতালে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ময়মনসিংহ কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ গোলাম সারওয়ার বলেন, "পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হাসপাতালে পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/২৩৪৫ ঘ.