২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিকিৎসা: বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী মালয়েশিয়া

চিকিৎসা খাতের উন্নয়নে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী মালয়েশিয়া। সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো চিহ্নিত করতে মালয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রীর আগামী মাসে বাংলাদেশ সফরের কথা রয়েছে। জানাচ্ছেন নুরুল ইসলাম হাসিব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2011, 10:50 AM

Updated : 24 Aug 2022, 02:33 PM

নুরুল ইসলাম হাসিব কুয়ালালামপুর, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চিকিৎসা খাতের উন্নয়নে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী মালয়েশিয়া। মালয়েশিয়া হেলথকেয়ার ট্র্যাভেল কাউন্সিলের (এমএইচটিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা মেরি লাই লিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "উভয় দেশই (মালয়েশিয়া ও বাংলাদেশ) স্বাস্থ্যসেবার উন্নয়নে একসঙ্গে কাজ করতে পারে। আমরা বাংলাদেশের সঙ্গে কাজ করার সুযোগগুলো খতিয়ে দেখছি।" তিনি আশা প্রকাশ করে বলেন, "আমাদের এখানে অনেক বাংলাদেশি চিকিৎসক কাজ করেন। আমাদের দেশের অনেক শিক্ষার্থীও বাংলাদেশে পড়তে যায়। ফলে একটি পরিবারের মতো কাজ করার সুযোগ রয়েছে আমাদের।" এই খাতে দুই দেশের সহযোগিতা বাড়ানো গেলে উভয় দেশ লাভবান হবে বলের আশা প্রকাশ করেন তিনি। সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো চিহ্নিত করতে আগামী ৩ মার্চ সংক্ষিপ্ত এক সফরে বাংলাদেশে আসবেন মালয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রী। এ সময় মালয়েশিয়ায় বিভিন্ন স্বাস্থ্যসেবা নিয়ে ঢাকায় একটি প্রদর্শনীর আয়োজন করা হবে। লাই লিন বলেন, "এ প্রদর্শনী ও স্বাস্থ্যমন্ত্রীর সফর দুই দেশের মধ্যে চিকিৎসা পেশাজীবীদের মধ্যে পরিচয় ও যোগাযোগ বৃদ্ধির সুযোগ করে দেবে।" তিনি বলেন, স্বাস্থ্যক্ষেত্রে অবকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে ওষুধ কারখানা স্থাপন ও গবেষণাসহ চিকিৎসা খাতের বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা ও কৌশল বিনিময়ের সুযোগ রয়েছে উভয় দেশের মধ্যে। ঢাকার গণস্বাস্থ্য বিশেষজ্ঞরাও বলছেন, মালয়েশিয়ার কাছে বাংলাদেশের অনেক কিছু শেখার আছে। গণস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. এএসএম আলমগীর বলেন, "দুটি দেশেই নিপা ভাইরাস ও ডেঙ্গুর মতো কিছু সাধারণ রোগ রয়েছে। কিন্তু বাস্তব পরিস্থিতি হলো- মালয়েশিয়া এসব রোগ নিয়ন্ত্রণ করতে পেরেছে, আর বাংলাদেশে রোগগুলো এখনো আতঙ্ক ছড়াচ্ছে।" "বাংলাদেশে সরকার যখন হাসপাতালগুলোতে ডাক্তার, নার্সদের উপস্থিতি নিশ্চিত করতে পারছে না, মালয়েশিয়া তখন সময়োপযোগী স্বাস্থ্যনীতি ও কঠোর পর্যবেক্ষণ ব্যবস্থার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলগুলোতেও ডাক্তার ও নার্সদের উপস্থিতি নিশ্চিত করেছে," যোগ করেন তিনি। এ ব্যাপারে মালয়েশিয়া হেলথকেয়ার ট্র্যাভেল কাউন্সিলের প্রধান মেরি লাই লিন বলেন, যারা প্রত্যন্ত অঞ্চলে কাজ করেন, মালয়েশিয়া সরকার তাদের বিশেষ সুবিধা দিয়ে থাকে। এমএইচটিসি নিয়মিত তাদের খোঁজখবর নেয় এবং তারাও কাজের অগ্রগতি সম্পর্কে নিয়মিত প্রতিবেদন দিয়ে থাকেন। তিনি জানান, গণস্বাস্থ্য সেবায় উল্লেখযোগ্য অগ্রগতির পর মালয়েশিয়ার স্বাস্থ্যখাতের মূল মনোযোগ এখন স্বাস্থ্যসেবা পর্যটন। মেরি লিন বলেন, "বিদেশি রোগীদের কাছে মালয়েশিয়া ক্রমেই জনপ্রিয় হয়ে ওঠায় সরকার এ খাতের উন্নয়ন এবং অতিথিদের জন্য সর্বোচ্চ আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা নিশ্চিত করতে কাজ করছে।" মালয়েশিয়া সফররত বাংলাদেশি সাংবাদিকদের তিনি বলেন, "আমাদের চিকিৎসকরা উচ্চ প্রশিক্ষিত। প্রযুক্তি, সুযোগ-সুবিধা ও ব্যবস্থাপনা নিখুঁত। অতিথিরা এখানে সর্বোচ্চ আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা ও আতিথেয়তা পাওয়ার ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন।" অ্যাসোসিয়েশন অব প্রাইভেট হসপিটালস অব মালয়েশিয়ার প্রেসিডেন্ট ডা. জ্যাকব টমাস বলেন, পশ্চিমা দেশগুলোতে যেসব গবেষণা চালানো হয়, তা অনেক ক্ষেত্রে মালয়েশিয়া ও বাংলাদেশের জন্য প্রযোজ্য হয় না। এ দুই দেশের মধ্যে সাংস্কৃতিক ও অন্যান্য মিল বেশি থাকায় চিকিৎসা গবেষণায় নতুন সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, "প্রতিবছর মালয়েশিয়ায় স্বাস্থ্যসেবা পর্যটকের সংখ্যা বাড়ছে। প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যান্য দেশসহ অস্ট্রেলিয়া ও ইউরোপ থেকেও মানুষ চিকিৎসা নিতে মালয়েশিয়ায় আসছেন।" একটি বেসরকারি পরিসংখ্যান অনুযায়ী, প্রতিবছর প্রায় পাঁচ লাখ বাংলাদেশি চিকিৎসার উদ্দেশ্যে বিদেশে যান। এর মধ্যে ৫০ শতাংশ যান ভারতে, বাকিরা থাইল্যান্ড ও সিঙ্গাপুরে যান। স্বল্প সংখ্যক পর্যটক মালয়েশিয়া, ইউরোপ ও যুক্তরাষ্ট্রেও যান। বাংলাদেশের বেসরকারি হাসপাতালগুলোর চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে জ্যাকব বলেন, "ঢাকার কিছু বেসরকারি হাসপাতালের মান দেখে আমি অভিভূত হয়েছি। তারা সত্যিই খুব ভালো করছে।" মালয়েশিয়ার কেপিজে স্পেশিয়ালাইজড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক রোজালিনা আমিন বলেন, "বাংলাদেশের হাসপাতালের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আমাদের রয়েছে। ইউনাইটেড হসপিটালকে প্রাথম দুই বছর আমরাই সহায়তা দিয়েছিলাম।" তিনি বলেন, বাংলাদেশি শিক্ষার্থীদেরও মালয়েশিয়ায় নার্সিং, ফিজিওথেরাপি ও হাসপাতালে সহযোগী কর্মী হিসেবে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএস/এসএইচটি/এমআর/কিউএইচ/জেকে/১৬৪৫ ঘ.