লালমনিরহাট, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোরড ডটকম)- লালমনিরহাটের হাতীবান্ধায় 'জ্বরে' বৃহস্পতিবার আরো তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত তিনদিনে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৬।
প্রাথমিকভাবে রোগটি চিহ্নিত করা না গেলেও জেলার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম সরকার জানান, এটি ভাইরাসজনিত 'এনকেফালাইটিস' বলে ধারণা করা হচ্ছে।
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মাহমুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, রোগের ধরন দেখে এনকেফালাইটিস বলে মনে হচ্ছে তার। এতে মস্তিষ্কে ভয়াবহ প্রদাহ দেখা দেয়। নিপাহ ভাইরাস বা জাপানি এনকেফালাইটিসের কারণে এমনটি হতে পারে।
তবে পরীক্ষার পরই এ ব্যাপারে নিশ্চিত করে বলা সম্ভব হবে বলে তিনি জানান।
তিনি জানান, আগামীকাল শুক্রবার নমুনা পরীক্ষার ফল পাওয়া যেতে পারে।
মঙ্গলবার 'জ্বরে' একই উপজেলার তিন শিশুসহ চারজনের মৃত্যু হয়। বুধবার মারা যায় নয়জন।
হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ডা. বিমল কুমার রায় জানান, ইতিমধ্যে জ্বরে আক্রান্তের সংখ্যা অর্ধশত ছাড়িয়ে গেছে।
এদের মধ্যে ২০ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা আরো অনেককেই। এছাড়া আটজনকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।
তবে বৃহস্পতিবার নতুন করে আর কেউ আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি বলে প্রশাসন জানিয়েছে।
জ্বরের কারণ নির্ণয় করতে আইইডিসিআর'র একটি দল বুধবার রাতে হাতীবান্ধায় পৌঁছেছে।
সংস্থার বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. সুবোধ কুমার কুণ্ডের নেতৃত্বে ১০ সদস্যের এই বিশেষজ্ঞ দল বৃহস্পতিবার কাজ শুরু করেছে।
আগেরদিন থেকেই উপজেলার বিভিন্ন গ্রামে কাজ শুরু করেছেন স্বাস্থ্য কর্মীরা।
এছাড়া রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শাহাদাত হোসেনের নেতৃত্বে তিন সদস্যের একটি চিকিৎসক দল একইদিন হাতীবান্ধা এলাকা পরিদর্শন করেন।
ডা. শাহাদাত সাংবাদিকদের বলেছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি ভাইরাসজনিত জ্বর। এলাকার লোকজনকে আপাতত খেজুর গুড় ও রস, আখের রস, পেঁপে, পেয়ারা, বরইসহ স্থানীয় ফলমুল না খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
উপজেলার টংভাংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান জানান, বৃহস্পতিবার দুপুরে হাতীবান্ধা বিন্দু হল এলাকার খায়রুল ইসলাম (৫০) রংপুরের একটি ক্লিনিকে ও হাতীবান্ধা মেডিকেল মোড় এলাকার আব্দুল মান্নানের ছেলে করিম (৩০) বাড়িতে মারা যায়।
এছাড়া বেলা ৩টার দিকে উপজেলা ভাইস চেয়ারম্যান মুক্তি রানী রায়ের ছেলে সুদীপ্ত রায়কে (১১) রংপুর থেকে ঢাকা নিয়ে যাওয়ার পথে মারা যায়।
হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ ইউনিয়নেই সবচেয়ে বেশি লোক জ্বরে আক্রান্ত হয়েছে। আক্রান্ত ২৫-৩০ জন রংপুর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি হয়েছে। কয়েকজনকে ঢাকা নিয়ে যাওয়া হয়েছে।"
এ রোগের কারণ জানতে চাইলে আইইডিসিআর চিকিৎসক দলের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. সুবোধ কুমার কুণ্ডু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পরীক্ষা-নিরীক্ষা শেষে বলা যাবে, এটি আসলে কী রোগ।"
তিনি জানান, রোগে আক্রান্ত মৃত ব্যক্তিদের ব্যবহার করা বিভিন্ন জিনিস সংগ্রহ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মেডিকেল টিম আক্রান্ত এলাকাগুলোতে কাজ করছে। রাতে এ বিষয়ে একটি বৈঠক হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/২১১৬ ঘ.
bdnews24