নোয়াখালী, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নোয়াখালী শহরের একটি বেসরকারি হাসপাতালে নবজাতককে দেওয়া স্যালাইনে শ্যাওলা পাওয়া গেছে।
রোববার রাতে ঘটনাটি ধরা পড়ার পর তার স্বজনরা সোমবার সন্ধ্যায় শ্যাওলাযুক্ত ওই স্যালাইন নিয়ে এসে সাংবাদিকদের দেখান।
নবজাতকের বাবা মাহবুবুর রহমান অভিযোগ করেন, শনিবার রাতে তার স্ত্রী সানজিদা শান্তা (২৬) ওই হাসপাতালের ৫০৮ নম্বর কেবিনে একটি পুত্র সন্তান প্রসব করেন।
নবজাতক অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকের পরামর্শে রোববার রাত ১২টার দিকে তাকে পপুলার ইনফিউশনস কোম্পানির পেডিসল ডিএস ২০০ মিলি স্যালাইন দেওয়া হয়।
রাত ২টার দিকে তিনি স্যালাইনের ভেতরে শ্যাওলা দেখতে পান। তাৎক্ষণিক তিনি বিষয়টি কর্তব্যরত চিকিৎসক ও নার্সকে জানালে তারা স্যালাইনটি খুলে তড়িঘড়ি করে সরিয়ে ফেলার চেষ্টা করেন।
এ সময় তিনি স্যালাইনটি হস্তগত করেন বলে মাহবুবুর রহমান জানান।
প্রসূতির চাচা বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশনের নোয়াখালী প্রতিনিধি জাহিদুর রহমান শামীম অভিযোগ করেন, ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটির প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা নেয়নি। সে কারণে তারা বাধ্য হয়ে ছাড়পত্র নিয়ে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকা শিশু হাসপাতালে স্থানান্তর করেন।
শ্যাওলা যুক্ত স্যালাইনটির প্যাকেট পরীক্ষা করে দেখা যায় এটি গত অক্টোবর মাসে তৈরি। আর মেয়াদ শেষ হওয়ার কথা ২০১৩ সালের অক্টোবর মাসে।
পপুলার ইনফিউশনস কোম্পানির নোয়াখালী অঞ্চলের জ্যেষ্ঠ ব্যবস্থাপক আবু সালেহ তার কোম্পানির স্যালাইনে শ্যাওলা পাওয়ার কথা স্বীকার করেছেন।
তিনি জানান, বিষয়টি কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।
বেসরকারি হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক ডা. মাহবুবুর রহমানকে বার বার ফোন করেও এ ব্যাপারে তার বক্তব্য পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২২৫ ঘ.
bdnews24