ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ এখন সম্পূর্ণ অ্যানথ্রাক্সমুক্ত বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণীসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস।
তবে আগামীতে আবার যেন রোগের সংক্রমণ না ঘটে, সেজন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সতর্ক থাকতে বলেছেন তিনি।
অ্যানথ্রাক্স নিয়ে রেড এলার্ট তুলে নেওয়ার পাঁচদিন পর মঙ্গলবার এক কর্মশালায় মন্ত্রী বলেন, "দেশ এই মুহূর্তে সম্পূর্ণ অ্যানথ্রাক্সমুক্ত। সরকারের বাস্তবমুখী পদক্ষেপের কারণে দেশকে দ্রুত অ্যানথ্রাক্সমুক্ত করা সম্ভব হয়েছে।"
ভবিষ্যতেও যাতে মাছ ও পশু-পাখির মধ্যে এ ধরণের ভাইরাসের বিস্তার না ঘটে এজন্য সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাগুলোকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে, বলেন তিনি।
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) বার্ষিক গবেষণা পরিকল্পনা পর্যালোচনা কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লতিফ বিশ্বাস। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বার্ক) মিলনায়তনে এ কর্মশালা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৩৪০ ঘ.
bdnews24