বিশ্বের সবচেয়ে বড় হেল্থ ক্লাব এখন ভারতে
ভারতে স্বাস্থ্য সচেতন নাগরিকের সংখ্যা অনেক বেশীই বলতে হবে। নাহলে কী আর বিশ্বের সবচেয়ে বড় হেল্থ ক্লাব ব্যবসায়ী ভারতে টাকা ঢালতে আসেন। ভারতে যাত্রা শুরু করতে যাওয়া বিশ্বের এই সবচেয়ে বড় হেল্থ ক্লাবটির নাম ‘ফিটনেস ফার্স্ট’। বিশ্ব জুড়ে তাদের ৫শ’র মতো ক্লাব রয়েছে। এরা ভারতের বিভিন্ন শহরে ২০টি ক্লাব দিয়ে যাত্রা শুরু করবে। এর জন্য তাদের বাজেট হচ্ছে ১৭০ কোটি রুপি। প্রথমে দিল্লি থেকে শুরু হবে। তারপর একে একে মুম্বাই, ব্যঙ্গালোর, হায়দ্রাবাদ, চেন্নাই, পুনে ও চন্ডিগড়ে এই ক্লাব স্থাপন করা হবে।
এই হেল্থ ক্লাবের দক্ষিন এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক হচ্ছেন সিবি রিচার্ড এলিস । রিয়েল এস্টেট কোম্পানির ব্যবসা যেভাবে বিস্তার ঘটে তেমনিভাবে এই হেল্থ ক্লাব ব্যবসার প্রসার ঘটাতে চান তিনি। ক্লাবের ভারতীয় ব্যবস্থাপনা পরিচালক বিক্রম আদিত্য ভাটিয়া জানান. “স্বাস্থ্য নিয়ে ব্যবসা করতে গেলে দীর্ঘ সময়ের জন্য অর্থ বিনিয়োগ করতে হয়। ভারতে যারা স্বাস্থ্য সম্পর্কে সচেতন দেখা যায় একটি হেল্থ ক্লাব এর সন্ধানে তারা প্রচুর সময় ব্যয় করেন। অনেকের কাছেতো এটা জীবন সঙ্গী খোঁজার মতই গুরুত্বপূর্ণ।”
অংশুমান ম্যাগাজিনে এলিস এক সাক্ষাতকারে বলেছেন, “ভারতীয়রা যত স্বাস্থ্য বিষয়ে সচেতন হবেন ততই এই পরিমন্ডলে ব্যবসা করে লাভবান হওয়া যাবে। আমাদের এই ক্লাবে সদস্য ফি প্রতি মাসে ২,৮০০ রুপি থেকে ৩০০০ রুপির মধ্যে হবে।”
এদিকে জুতার আন্তর্জাতিক ব্রান্ড প্রতিষ্ঠান রিবক এই ক্লাবগুলিতে ব্যয়ামের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও জুুতা সরবরাহ করার জন্য প্রস্তাব দিয়েছে।
