২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় টিকা দিবসের দ্বিতীয় রাউন্ড শুরু

জাতীয় টিকা দিবসের দ্বিতীয় রাউন্ড শুরু হয়েছে শনিবার। এ দিন থেকে পরবর্তী চার দিন বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে পাঁচ বছরের কম বয়সী সব শিশুদের পোলিও টিকা খাওয়ানো হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2007, 07:13 AM

Updated : 26 Aug 2022, 09:04 PM

ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জাতীয় টিকা দিবসের দ্বিতীয় রাউন্ড শুরু হয়েছে শনিবার। এ দিন থেকে পরবর্তী চার দিন বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে পাঁচ বছরের কম বয়সী সব শিশুদের পোলিও টিকা খাওয়ানো হবে। স্বাস্থ্য উপদেষ্টা ডা. এ এস এম মতিউর রহমান সকালে জাতীয় টিকা দিবসের দ্বিতীয় রাউন্ডের কর্মসূচি উদ্বোধন করেন। এ উপলক্ষে ধানমন্ডির জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, "বাংলাদেশ এক বছরের বেশি সময় ধরে পোলিওমুক্ত রয়েছে। ২০০৬ সালের মার্চ মাসের আগে টানা সাড়ে ৫ বছর পোলিওমুক্ত ছিল বাংলাদেশ।" পোলিও রোগের ক্ষতিকারক দিক তুলে ধরে তিনি বলেন, "এবার অভিভাবকরা এ রোগের বিষয়ে আরো সচেতন হয়েছে। সারাদেশের মানুষ সক্রিয় হলে দেশকে স্থায়ীভাবেই পোলিওমুক্ত করা যাবে।" স্বাস্থ্য উপদেষ্টা পরে মোহাম্মদপুরের ফার্টিলিটি সেবা কেন্দ্র, সলিমুল্লাহ রোডের মেরিস্টোপ ক্লিনিক ও আজিমপুরে মাতৃসদন ও শিশু স্বাস্থ্য প্রশিক্ষণ প্রতিষ্ঠানে শিশুদের পোলিও টিকা খাওয়ান। গত ২৭ অক্টোবর প্রথম দফায় পোলিও টিকার সঙ্গে শিশুদের ভিটামিন 'এ ' ক্যাপসুল খাওয়ানো হয়েছিল। এবার ২ থেকে ৫ বছর বয়সী শিশুদের পোলিও টিকার সঙ্গে একটি করে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হচ্ছে। শিশুদের পোলিও টিকা খাওয়ানোর জন্য সারাদেশে ১ লাখ ৪০ হাজার কেন্দ্রে ৭ লাখ স্বাস্থ্য কর্মী কাজ করছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, দ্বিতীয় রাউন্ডে দেশের প্রায় ২ কোটি ৪০ লাখ শিশুকে পোলিও টিকা ও প্রায় দেড় কোটি শিশুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১২৫৭ ঘ.