ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- 'ফ্ল্যাভোনয়েডস' নামের এক ধরনের রাসায়নিক যৌগ সমৃদ্ধ খাবার হৃদরোগের ঝুঁকি অনেকটা কমিয়ে আনে। একটি গবেষক দল ওই ধরনের যৌগ ' কের্সেটিন' নিয়ে গবেষণা চালিয়ে দেখেছেন- এই যৌগ চা, পেঁয়াজ, আপেলে রয়েছে।
'কের্সেটিন' হলো এক ধরনের ফাইটোকেমিক্যাল, যা কিনা রঙেরও একটি অংশ। এটি শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে।
গবেষণায় দেখা গেছে 'কের্সেটিন' ক্যান্সার রোধেও কার্যকর। বিশেষ করে প্রোস্টেইট ক্যান্সার রোধেই এটি বেশি সহায়ক। দেহে 'কের্সেটিন' যৌগ ভেঙে যাওয়ার পরই এর প্রতিক্রিয়া শুরু হয়। এটি দেহের বিভিন্ন অঙ্গের ক্রমবর্ধমান প্রদাহ রোধে কার্যকর ভূমিকা রাখে।
এর আগের গবেষণাগুলোতে দেখা গেছে 'কের্সেটিন' অন্ত্র ও যকৃতের কার্যকারিতায় খুব কম সময়ে শরীরে শোষিত হয়। যে কারণে এর উপস্থিতি মানব দেহের রক্তে পাওয়া যায়নি।
এ ধরনের গবেষণার পর গবেষকরা সিদ্ধান্তে উপনীত হন , রক্ত প্রবাহে কের্সেটিন প্রবেশ করার পরই এটি বিপাক ক্রিয়ায় অংশ নেয়ার মাধ্যমে শোষিত হয়।
গবেষণায় দেখা গেছে, কম মাত্রায় এ ধরনের যৌগসমৃদ্ধ খাবার গ্রহণে এর প্রভাব বেশি কার্যকর।
বিশেষজ্ঞরা বলেছেন, এ ধরনের খাবার গ্রহণের ফলে হৃদরোগের ঝুঁকি অনেক কমে আসে। এ ছাড়া কের্সেটিন হতাশা ও দুশ্চিন্তা রোধেও সহায়ক।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএল/এমএ/১২৩০ঘ.
bdnews24