শারীরিক শাস্তি শিশুদের জন্য মঙ্গলকর নয়
জগতে অনেক শিশু আছে বেয়ারা প্রকৃতির। অধিকাংশ অভিভাবক তাদের আদর দিয়ে বুঝিয়ে সুজিয়ে ঠিক করার চেষ্টা করেন। তাতে কাজ না হলে হাতে তুলে নেন লাঠি। নিজেরা তো পেটানই এমনকি স্কুলে গিয়ে শিশুর উন্নয়ন তথা সংশোধন প্রসঙ্গে শিক্ষককে এরকম পরামর্শও দিয়ে আসেন -- “স্যার চামড়া, মাংস আপনার, হাড্ডি আমার”।
এই চিত্র শুধু বাংলাদেশের নয়, পশ্চিমেরও। ইউরোপের ৪টি দেশ বাদে অধিকাংশ স্থানেই শিশুদের ‘পিটিয়ে সোজা’ করার এই পন্থা এখনো অনুসৃত হয়। সম্প্রতি লন্ডনে একদল গবেষকের হিসেবমতে লন্ডনের শতকরা ৯৪ ভাগ অভিভাবকই এভাবেই শিশু পরিচর্যা করে থাকেন।
অভিভাবকের এই আচরণ শিশুর আবেগগত ও আচরণগত অনেক সমস্যা তৈরি করতে পারে বলে সাবধান করে দিয়েছেন মনোবিজ্ঞানীদের ওই দলটি। শিশু কথা না শুনলে শারিরীক শাস্তির বদলে তারা অতিরিক্ত হোমটাস্ক বা তার কিছু সুযোগ সুবিধা কেড়ে নেওয়া -- এ ধরণের পন্থা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। গত বুধবারে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এসব জানান তারা।
“মারধরের ফলে শিশুরা ডিপ্রেশনে ভোগে, তাদের মধ্যে দেখা দেয় হীনমন্যতা।” বলেছেন ওই গবেষণা দলের নেতা লুইজিয়ানার নিউ অর্লিন্স ইউনিভার্সিটির ড. পল ফ্রিক।
“আসল কথা তো তাকে নিয়মতান্ত্রিকভাবে চালানো। এজন্য শারিরীক শাস্তি আপাতভাবে কার্যকর মনে হলেও আদতে এটা শিশুকে অনেক সমস্যায় ফেলতে পারে। তার চেয়ে ভাল অন্য কোন ধরনের পন্থা অবলম্বন করে নিয়মতান্ত্রিকতা বজায় রাখা।”
শিশুদের শারিরীক শাস্তি দেওয়ার বিষয়টা নিয়ে বহুদিন ধরেই বিতর্ক চলছে। অস্ট্রিয়া, ফিনল্যান্ড, জার্মানি ও সুইডেন ইউরোপের এই ৪টি দেশে বাসায় বা স্কুলে শিশুদের শারিরীক শাস্তি দেয়া বেআইনি। আইনভঙ্গ করলে শাস্তি অবধারিত।
ফ্রিক এবং তার দল ইংলন্ডের ৯৮ জন শিশুর উপর শারিরীক শাস্তির প্রভাব পর্যালোচনা করে জানান যে বাস্তবে এর কোন সুফল তারা দেখতে পাননি।
জার্নাল অফ অ্যাপ্লায়েড ডেভেলপমেন্ট সাইকোলজি সাময়িকীতে তাদের পর্যবেক্ষনগুলো তুলে ধরে ফ্রিক বলেন, “ একেক বয়সের শিশুদের জন্য একেক রকম শাস্তি প্রযোজ্য। যেমন অল্প বয়সের শিশুদের টেলিভিশন দেখতে না দেয়া কিংবা আরেকটু বয়স্ক শিশুদের ক্ষেত্রে ইলেকট্রনিক খেলনাগুলো খেলতে না দেয়া কিংবা তাকে বাড়ির কোন প্রাত্যহিক কাজে নিয়োগ করা যেতে পারে।”
এরকম শাস্তিগুলো শারিরীক শাস্তির মতোই কার্যকর এবং এতে করে ক্ষতিকর কোন প্রভাব পড়বে না বলে তারা আশা প্রকাশ করেন।
বাধ্য ও অবাধ্য উভয় ধরনের শিশু ও তাদের অভিভাবকদের সাথে কথা বলে ওই গবেষকরা শারিরীক শাস্তির ফলাফল বোঝার চেষ্টা করেছেন। শিশুদের সাথে কথা বলে তারা বুঝেছেন, যখন কোন অপরাধে তাদের চড় মারা হয় তখন অপরাধটা বোঝার চেয়ে আঘাত ও অপমানের বোধটাই মুখ্য হয়ে ওঠে তার কাছে। ভুল সংশোধনের চিন্তা তখন তার মধ্যে কাজ করে না।
