বাংলাদেশে মাতৃমৃত্যু দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ
বাংলাদেশে মাতৃমৃত্যুর হার দক্ষিণ এশিয়া এখনও সর্বোচ্চ। এখানে প্রতি হাজারে তিন দশমিক ২ জন মা শুধুমাত্র প্রসব জটিলতায় মারা যাচ্ছেন।
জরুরি প্রসূতি সেবা ২০০৫ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বুধবার এ তথ্যগুলো জানালেন স্বাস্থ্য উপদেষ্টা ডা. সুফিয়া রহমান। স্বাস্থ্য অধিদপ্তরের প্রজনন স্বাস্থ্য কর্মসূচি ও ইউনিসেফ এর যৌথ আয়োজক।
দেশের প্রতিটি বিভাগ থেকে একটি করে জেলা হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে পুরস্কৃত করা হয় এক অনুষ্ঠানে।
এতে সভাপতিত্ব করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. শাহজাহান বিশ্বাস। জেলা হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পক্ষে কর্মরত সিভিল সার্জন ও হেলথ অফিসারদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি স্বাস্থ্য উপদেষ্টা ডা. সুফিয়া রহমান।
ঢাকা বিভাগে জামালপুর জেলা হাসপাতাল ও টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, খুলনা বিভাগে কুষ্টিয়া জেলা হাসপাতাল ও চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রাজশাহী বিভাগে জয়পুর জেলা হাসপাতাল ও চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চট্টগ্রাম বিভাগে ফেনী জেলা হাসপাতাল ও ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সিলেট বিভাগে হবিগঞ্জ জেলা হাসপাতাল ও আজমেরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বরিশাল বিভাগে বরগুনা জেলা হাসপাতাল ও বানারিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পুরস্কার পেয়েছে।
প্রধান অতিথি অনুষ্ঠানে আরও বলেন, “শুধুমাত্র সচেতনতার অভাবে শতকরা ৮৭ ভাগ গর্ভবতী নারী অদক্ষ দাই ও আত্মীয়-স্বজনের প্রসব সেবা গ্রহণে অভ্যস্ত। এ বিষয়ে সচেতনতা বাড়াতে না পারলে সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্য কখনোই অর্জিত হবে না।”
স্বাস্থ্য অধিদপ্তরের প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা বিভাগের পরিচালক ও এসেনশিয়াল সার্ভিস ডেলিভারির লাইন ডাইরেক্টর ডা. মো. শুকুরুদ্দীন মৃধা স্বাগত বক্তব্যে বলেন, “বাংলাদেশে মা, নবজাতক ও শিশুমৃত্যুর হার কমানোই এ পুরস্কার দেওয়ার মূল উদ্দেশ্য।”
বিশেষ অতিথি ইউনিসেফের সিনিয়র প্রোগ্রাম কোঅর্ডিনেটর ডা. রোজেলা মোরেলি বলেন, “শুধুমাত্র কর্মসূচি নিলেই সফলতা আসে না। প্রয়োজন তার সঠিক বাস্তবায়ন।”
পুরস্কৃত প্রতিষ্ঠানগুলোকে অভিনন্দন জানিয়ে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের মহাসচিব অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, “দেশের প্রত্যন্ত অঞ্চলে দ্রুত সেবা প্রদানে সরকারিভাবে ৬ মাস মেয়াদী বার্থ এটেনডেন্ট’র প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষিত এটেনডেন্টরা নিরাপদ প্রসবে সাহায্যসহ জটিল গর্ভবতীদের চিহ্নিত করে দ্রুত হাসপাতালে পাঠাতে পারবেন।”
