পানি নামার পর রোগবালাইয়ের কষ্টে বানভাসিরা
সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের লালপুর গ্রামের ১৮ মাস বয়সী সুফিয়ানের মাথা, গলা, হাত ও পায়ে ছোট ছোট ফোস্কা দেখা দিয়েছে; সে শুধু চুলকায় আর কান্নাকাটি করে।
অবিরাম চুলকানি ও কান্নাকাটি সহ্য করতে না পেরে সোমবার তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে আনেন তার নানী আছিয়া বেগম।
কিন্তু হাসপাতালে চর্মরোগের চিকিৎসক না পেয়ে তারা দ্বারস্থ হন শিশু বহির্বিভাগের চিকিৎসকের; ডাক্তার সুফিয়ানের জন্য চর্মরোগের মলম আর মুখে খাওয়ার ওষুধ দিয়েছেন। পরামর্শ দিয়েছেন, নোংরা পানিতে যেন গোসল করানো না হয়।
সুফিয়ানের জন্মের পরপরই তাকে ছেড়ে চলে গেছে বাবা সায়েক মিয়া। সংসার চালাতে দিন মজুরের কাজ করেন তার মা আলেয়া বেগম। সে কারণে দিনে সুফিয়ান থাকে নানি আছিয়া বিবির কাছে।
আছিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাসার সামনের বন্যার পানি দিয়েই নাতিকে গোসল করাতে হয়। এ কারণেই চুলকানি হয়েছে বলে ডাক্তার জানিয়েছেন।
বানের পানি ঘর থেকে নামলেও সিলেট বিভাগের বন্যাদুর্গত এলাকায় পানিবাহিত বিভিন্ন রোগবালাইয়ে ভুগছেন সুফিয়ানের মত অনেকে।
তবে চিকিৎসক ও স্বাস্থ্য সেবাদাতা প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলছেন, রোগের প্রাদুর্ভাব থাকলেও এখন পর্যন্ত আশংকাজনক কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি।
দেশের ২৮টি জেলার বন্যা দুর্গত অঞ্চলের তথ্য একীভূত করে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন ও কন্ট্রোল রুম জানিয়েছে, ১৭ মে থেকে ১৮ জুলাই পর্যন্ত এসব স্থানে পানিবাহিত রোগ ও দুর্ঘটনায় মোট ২০ হাজার ৭০৫ জন অসুস্থ বা আহত হয়েছেন; মৃত্যু হয়েছে ১২৩ জনের।
এর মধ্যে সিলেট বিভাগে বন্যা শুরুর পর থেকে এ পর্যন্ত অসুস্থ বা আহত হয়েছেন মোট ১৫ হাজার ৭০ জন, প্রাণহানি ঘটেছে ৬৯ জনের।
সারা দেশে বন্যা কবলিত এলাকায় ১২ হাজার ২৩০ জনের ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার তথ্য হাসপাতালের খাতায় এসেছে। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।
নেত্রকোণায় বন্যাদুর্গত এলাকায় পানি নামার পর বাড়ছে ডায়রিয়া ও চর্মরোগ।
সোমবারও সিলেট বিভাগে বন্যাজনিত অসুস্থতা নিয়ে চিকিৎসাধীন ছিলেন ৪৮৩ জন। তাদের মধ্যে ২১৩ জন ডায়রিয়ায়, ৩৬ জন শ্বাসতন্ত্রের রোগে, ৮৯ জন চর্মরোগে, ৮ জন চোখের প্রদাহে এবং ১১৭ জন অন্যান্য রোগে আক্রান্ত হয়েছেন।
বন্যার পানি নেমে যাওয়ার পর পানিবাহিত রোগে আক্রান্তের সংখ্যা কিছুটা বাড়তে পারে বলেও ধারণা করছেন স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক ও সংক্রামক রোগ বিভাগের প্রধান অধ্যাপক ডা. রোবেদ আমিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “বন্যা যেহেতু শেষ পর্যায়ে আছে, এ সময় ডায়রিয়াসহ অন্যান্য পানিবাহিত রোগগুলো বাড়তে পারে। যেহেতু বন্যার ময়লা পানির সংস্পর্শে লোকজন এসেছে, সেহেতু চর্মরোগও বাড়ছে।”
কিন্তু এই রোগগুলো ছোঁয়াচে কিংবা সংক্রামক না হওয়ায় স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সগুলো থেকেই চিকিৎসা নেওয়া যাবে জানিয়ে তিনি বলেন, “হাসপাতালগুলোতে সরকারিভাবে ইতোমধ্যে জরুরি ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়েছে। এবার বন্যায় কবলিতদের তেমন বাড়াবাড়ি পর্যায়ের স্বাস্থ্যগত ক্ষতি হয়নি। স্থানীয় পর্যায়ে চিকিৎসাই যথেষ্ট।”
“যোগাযোগ ব্যবস্থা খুব বেশি খারাপ যেসব জায়গায়, সেখানেও সরকারি ব্যবস্থাপনায় প্রয়োজনীয় জরুরি ওষুধ সরবরাহ করার জন্য হেলথ ইন্সপেক্টররা কাজ করছেন।”
পেটের পীড়ায় ভোগা ২৯ মাস বয়সী নোহা আক্তারকে সোমবার দুপুরে সুনামগঞ্জ সদর হাসপাতালে আনেন সদর উপজেলার কোরবাননগর ইউনিয়নের ব্রাম্মণগাঁও গ্রামের চাঁন মিয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বন্যার পর তার মেয়ের পেটে সমস্যা দেখা দিয়েছে। পেটের অসুখ সারছে না। তার স্ত্রীরও পেটের অসুখ।
শিশুটিকে মুখে খাওয়ার ওষুধ দেওয়ার পাশাপাশি মাকে বিশুদ্ধ পানি ও পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে রান্নাবান্না করার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।
বন্যাদুর্গত এলাকায় পানি নামার পর মেডিকেল ক্যাম্প করে চিকিৎসা সেবা দিচ্ছে সেনাবাহিনী
এগিয়ে গিয়ে কথা বলতেই তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানালেন, চুলকানির পাশাপাশি পেটের অসুখ ও সর্দি কাশি নিয়ে হাসপাতালে এসেছেন তিনি। বন্যার পানি নামার পর থেকে চুলকানি ও পেটের অসুখ ভোগাচ্ছে তাকে।
সুনামগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. আলবেরুনী খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত সপ্তাহে পানি নামার পর পানিবাহিত রোগ সামান্য বেশি ছিল। প্রতিদিন গড়ে একশর বেশি ডায়রিয়া রোগী হাসপাতালে ভর্তি হত।
“চলতি সপ্তাহে এই সংখ্যা কমে একশর নিচে এসেছে। আমরা বন্যার ভয়াবহতা দেখে ভয় পেয়ে গিয়েছিলাম যে বন্যা পরবর্তী ডায়রিয়াও ভয়াবহ রূপ নেবে। কিন্তু ততটা হয়নি। মহামারী আকারে বা আশঙ্কাজনকভাবে ডায়রিয়া দেখা দেয়নি।”
সুনামগঞ্জ সদর হাসপাতালের পরিচালক ডা. আনিসুর রহমান বলেন, “আমাদের আউটডোরে বন্যা পরবর্তী পানি বাহিত রোগ, বিশেষ করে পেটের পীড়া ও চর্ম রোগ নিয়ে অনেকেই চিকিৎসা নিচ্ছেন। অন্য সময়ের তুলনায় রোগী সামান্য বেশি হলেও উদ্বেগজনক নয়।”
বন্যাদুর্গত মান্নারগাঁও ইউনিয়নের আলিপুর গ্রাম থেকে তিন মাসের নাতনি মরিয়মকে নিয়ে ডাক্তার দেখাতে নানা যাচ্ছেন ১২ কিলোমিটার দূরে সুনামগঞ্জ শহরে।
তিনি জানান, কলমাকান্দা উপজেলায় প্রতিদিন গড়ে ৭ থেকে ৮ জন রোগী ভর্তি থাকে। বন্যার শুরুর দিকে প্রতিদিন সর্বোচ্চ ১৪ থেকে ১৫ জন ভর্তি থাকত। এখন সেটা কমেছে।
তবে সামনে বন্যার পানি নেমে যাওয়ার পর এ সংখ্যা কিছুটা বাড়তে পারে ধারণা দিয়ে তিনি বলেন, “এ বিষয়ে আমরা সচেতন আছি। আমাদের চিকিৎসা সম্পর্কিত সব ধরনের প্রস্তুতি নেওয়া আছে।”
রোগের প্রাদুর্ভাব আশংকাজনক পর্যায়ে না গেলেও বন্যায় রাস্তাঘাটের ক্ষতিসহ যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় নিয়মিত রোগীদেরও চিকিৎসার জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া মুশকিল হয়ে পড়েছে বলে জানিয়েছেন অনেকে।
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বন্যাদুর্গতদের স্বাস্থ্যসেবা দিতে মেডিকেল ক্যাম্প পরিচালনা করার কথা জানিয়ে উপজেলা মা ও শিশু হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মিজানুর রহমান বলেন, “কিছু রোগীকে জরুরিভিত্তিতে চিকিৎসা দেওয়া দরকার। কিন্তু যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে অনেকক্ষেত্রে বেগ পেতে হচ্ছে।”
[তথ্য দিয়ে সহযোগিতা করেছেন নেত্রকোণা প্রতিনিধি লাভলু পাল চৌধুরী।
তথ্য সমন্বয়, পুনর্লিখন ও সম্পাদনা করেছেন মাসুম বিল্লাহ।]
