২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ার জন্য ভারতের ৩ অ্যাম্বুলেন্স

ব্রাহ্মণবাড়িয়ার তিনটি সরকারি হাসপাতালে একটি করে লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দিয়েছে ভারত সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2021, 07:09 PM

Updated : 07 Apr 2022, 11:48 PM

শুক্রবার পৃথক দুই অনুষ্ঠানের মাধ্যমে অ্যাম্বুলেন্স তিনটি হস্তান্তর করেন ঢাকায় ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী।

ক সংবাদ বিজ্ঞপ্তিতে ভারতীয় হাই কমিশন জানায়, আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল ও আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে দুটি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়।

একই দিনে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি অ্যাম্বুলেন্স তুলে দেওয়া হয় কসবায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে।

আইনমন্ত্রী আনিসুল হক উভয় অনুষ্ঠানেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্পূর্ণ নতুন ও অত্যাধুনিক জীবন রক্ষাকারী যন্ত্রপাতি দ্বারা সজ্জিত অ্যাম্বুলেন্সগুলো চিকিৎসার জন্য হাসপাতালগামী রোগীদের মানসম্মত জরুরিসেবা এবং ট্রমা লাইফ সাপোর্ট প্রদান করতে প্যারামেডিক এবং প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিদের সাহায্য করবে।

গত মার্চে বাংলাদেশ সফরকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষিত ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স সরবরাহের সামগ্রিক কর্মসূচির অংশ হিসেবে অ্যাম্বুলেন্সগুলো দেওয়া হয়।