এক দিনে ৬ লাখ টিকাদান
গণটিকাদান কর্মসূচির তৃতীয় দিনে করোনাভাইরাসের প্রথম ডোজ টিকা নিয়েছেন আরও ৪ লাখ ৯৪ হাজার ৩৪১ জন।
আরও ১ লাখ ৩৭ হাজার ৪১ জন দ্বিতীয় ডোজ নেওয়ায় সোমবার মোট টিকা দেওয়া হয়েছে ৬ লাখ ৩১ হাজার ৩৮২ জনকে।
এর আগে শনিবার গণটিকাদান কর্মসূচির শুরুর দিন প্রথম ডোজ টিকা নেন ৩০ লাখ ৭০ হাজার ২৬৮ জন। কর্মসূচির দ্বিতীয় দিন প্রথম ডোজ টিকা নেন ৬ লাখ ৪৭ হাজার ৭৭২ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার প্রথম ডোজ টিকা নেওয়াদের মধ্যে ২ লাখ ৬৭ হাজার ৬০৩ জন পুরুষ এবং ২ লাখ ২৬ হাজার ৭৩৮ জন নারী।
এই ৬ লাখ ৩১ হাজার ৩৮২ জনের মধ্যে ২ লাখ ৫৮ হাজার ১৯৩ জন চীনের সিনোফার্মের টিকা নিয়েছেন। যুক্তরাষ্ট্রের মডার্নার টিকা পেয়েছেন ২ লাখ ৩৬ হাজার ১৪৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার বিকাল সাড়ে ৫টা পর্যন্ত করোনাভাইরাসের টিকার জন্য সর্বমোট নিবন্ধন করেছেন ২ কোটি ৬৭ লাখ ৬৯ হাজার ৫৬৬ জন।
আর দেশে সর্বমোট টিকা প্রয়োগ করা হয়েছে ১ কোটি ৯১ লাখ ৮৩ হাজার ৪৬২ ডোজ।
এর মধ্যে প্রথম ডোজ টিকা নিয়েছেন মোট ১ কোটি ৪৪ লাখ ৫০ হাজার ৬৩০ জন, তাদের মধ্যে দ্বিতীয় ডোজের টিকা পেয়েছেন ৪৭ লাখ ৩২ হাজার ৮৩২ জন।
