২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পপুলার ডায়াগনস্টিকের বিরুদ্ধে ক্যাবে অভিযোগ

ঢাকার শান্তিনগরের পপুলার ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলার অভিযোগ এনেছেন শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লা কায়সার ও জহির রায়হানের বোন শাহেনশাহ বেগম।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2020, 11:50 PM

Updated : 18 Aug 2022, 04:01 PM

যুক্তরাষ্ট্র প্রবাসী ৭৫ বছর বয়সী এই শিক্ষক-সমাজকর্মী কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশে (ক্যাব) অভিযোগ জমা দিয়েছেন।

শাহেনশাহ বেগম অভিযোগে বলেছেন, চিকিৎসকের ‘চরম অবহেলা ও যন্ত্রণাদায়কভাবে’ অ্যান্ডোসকপি করায় তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে।

এজন্য দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।

অভিযোগপত্রে ঘটনার বিবরণে তিনি বলেছেন, গত ২১ অক্টোবর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শান্তিনগর পপুলার ডায়াগনস্টিক সেন্টারে অ্যান্ডোসকপি এবং রক্ত পরীক্ষা করাতে যান তিনি। সঙ্গে তার ছোট মেয়ে অনন্যা ও নাতি তার সঙ্গে ছিলেন।

শাহেনশাহ বেগম বলেন, অ্যান্ডোসকপি কক্ষে ঢোকার সময়ই বাধা পান তিনি। তার সঙ্গে পরিবারের কাউকে ঢুকতে দেওয়া হয়নি।

“আমার মেয়েকে সেই কক্ষে থাকতে দেওয়ার অনুরোধ করা হলেও ওকে বের করে দেওয়া হয়। অথচ বিধি অনুযায়ী একজন নারী বা শিশু রোগীর ক্ষেত্রে একজন পারিবারিক প্রতিনিধি থাকার বিধান রয়েছে। আমি স্ট্রং ভার্টিগো সমস্যায় ভুগছি জানানোর পরও।”

তিনি অভিযোগ করেন, চিকিৎসক এবং তার সহযোগীরা অ্যান্ডোসকপি করার আগে রোগীর প্রস্তুতি বা করণীয় সম্পর্কে তাকে কিছু জানায়নি।

“আমাকে কাত হয়ে শুয়ে পড়তে বলা হয়। ডাক্তার এবং তার সহযোগীরা অত্যন্ত তাড়াহুড়ো করে মুখে নল ঢুকানোর প্রস্তুতি নেয়। আমি জানতে চাইলেও সেটার উত্তর না দিয়ে আমাকে ফোর্স করে। আমি আমার বাঁধানো দুই পাটি দাঁত এবং হৃদরোগের বিষয়ে কথা বলার চেষ্টা করি।”

“অনুভূতিনাশক কিছু ছাড়া একজন বৃদ্ধ মানুষকে দুই হাত ও দুই পা চেপে ধরে বর্বর কায়দায় গলায়, মুখে এবং পেট পর্যন্ত নালীর ভিতর ক্ষত সৃষ্টি করে অ্যান্ডোসকপি শেষ করা হয়। ততক্ষণে আমি তীব্র ব্যথা, যন্ত্রণা এবং মানসিক আতঙ্কে প্রায় অচেতন।”

শাহেনশাহ বেগম বলেন, ওই ঘটনার পর তিনি এখনও সুস্থ হয়ে উঠতে পারেননি। আর এসব বিষয়ে অভিযোগ করতে পপুলার ডায়গনস্টিক সেন্টারে গেলেও কাউকে পাননি।

তিনি বলেন, “আমি একইভাবে উৎকণ্ঠা প্রকাশ করছি এই ভেবে যে, শিক্ষিত মানুষের সাথেই যখন নির্বিবাদে এ জাতীয় আচরণ করা হচ্ছে, তখন না জানি কি ভয়াবহ অভিজ্ঞতার মধ্য দিয়ে প্রতিনিয়ত যেতে হচ্ছে এ দেশের শিক্ষাবঞ্চিত অসহায় মানুষগুলোকে!”

বিষয়টির প্রতিকার চেয়ে গত বুধবার ক্যাবে অভিযোগ করেন শাহেনশাহ বেগম।

ক্যাবের কর্মকর্তা আনোয়ার পারভেজ রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অভিযোগ আমাদের এখানে এসেছে। আমরা অভিযোগটি জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরে পাঠিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছি।”

এ অভিযোগের বিষয়ে জানতে চাইলে পপুলার ডায়াগনস্টিক সেন্টার শান্তিনগর শাখার ব্যবস্থাপক শাহী মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা প্রচলিত নিয়মেই শাহেনশাহ বেগমের অ্যান্ডোসকপি করেছিলেন।

“উনার পরীক্ষাটি করানোর আগে জানানো হয়েছে যে আমাদের এখানে অজ্ঞান করে অ্যান্ডোসকপি করা হয় না। নরমাল স্প্রে করে করা হয়। উনি অ্যান্ডোসকপি করার সময় কোনো সমস্যার কথা বলেননি। কিন্তু পরীক্ষাটি শেষ হওয়ার পর তিনি চিকিৎসক-স্টাফদের সঙ্গে রাগারাগি করেছেন।”