২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লম্বা মানুষদের ক্যান্সারের ঝুঁকি বেশি

সুইডেনে ৫০ লাখ মানুষের ওপর চলানো এক গবেষণায় গবেষকরা দেহের উচ্চতার সঙ্গে ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকার যোগসূত্র খুঁজে পেয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2015, 07:33 PM

Updated : 25 Apr 2022, 01:56 PM

গবেষণায় দেখা যায়, লম্বা মানুষদের বিভিন্ন ক্যান্সারের মধ্যে বিশেষ করে স্তন ও ত্বকের ক্যান্সার হওয়ার ঝুঁকি কিছুটা বেশি।

৫০ বছরেরও বেশি সময় ধরে সুইডস প্রাপ্তবয়স্কদের একটি গ্রুপের ওপর এ গবেষণা চালান স্টকহোমের ক্যারোলাইন্সকা ইন্সটিটিউটের গবেষকরা। গবেষণার প্রাথমিক প্রতিবেদন পেশ করা হয়েছে ‘ইউরোপিয়ান সোসাইটি ফর পেডিয়াট্রিক এন্ডোক্রাইনোলোজি’ কনফারেন্সে।

প্রতিবেদনে বলা হয়, প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে বাড়তি ১০ সেন্টিমিটার (চার ইঞ্চি) উচ্চতার জন্য ক্যান্সারের ঝুঁকি নারীদের ক্ষেত্রে ১৮ শতাংশ এবং পুরুষদের ক্ষেত্রে ১১ শতাংশ বেড়ে যায়।

তাছাড়া, লম্বা নারীদের স্তন ক্যান্সার হওয়ার ঝুঁকি ২০ শতাংশ বেশি এবং লম্বা পুরুষ ও নারী উভয়ের ক্ষেত্রেই ত্বকের ক্যান্সার হওয়ার ঝুঁকি ৩০ শতাংশ বেশি বলেও জানিয়েছেন গবেষকরা।

যদিও বিশেষজ্ঞরা বলছেন, এ গবেষণায় ঝুঁকিপূরণ অনেক কিছুই বিবেচনায় নেয়া হয়নি। তাই লম্বা মানুষদের নিয়ে গবেষণার এ ফলে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।

এর আগেও বেশকিছু গবেষণায় উচ্চতার সঙ্গে ক্যান্সারের ঝুঁকির সম্পরক খুঁজে পাওয়া গেছে। যদিও এর কারণ এখনো জানা যায়নি।

প্রধান গবেষক ডাঃ এমিলি বেনি বলেন, এ গবেষণা ফল ঝুঁকির কারণগুলো খুঁজে বের করতে সহায়ক হবে এবং এটি চিকিৎসার উন্নয়নে অগ্রগতি অর্জনেও সহায়ক হবে।

বিজ্ঞানীদের মতে, লম্বা মানুষদের শরীরে বৃদ্ধির উপাদানগুলোর উপস্থিতি বেশি থাকে। যা ক্যান্সার কোষের বৃদ্ধিকে প্রভাবিত করে।

তাছাড়া, বেশি উচ্চতার কারণে লম্বা মানুষদের শরীরের আকৃতি অনুযায়ী কোষও থাকে অনেক বেশি। সেকরণে ওই সমস্ত কোষের কোনোটি ক্যান্সার কোষে পরিণত হওয়ার আশঙ্কা বেশি থাকে। ফলে লম্বা মানুষদের ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়।