ইউরোপে ধূমপান, মদপানের হার সর্বোচ্চে: ডব্লিউএইচও
বিশ্বে ইউরোপের দেশগুলোতে ধূমপান ও মদ্যপানের হার সর্বোচ্চে। তাছাড়া, ওই অঞ্চলের অর্ধেকেরও বেশি মানুষ অতিরিক্ত মোটা হওয়ায় তাদের হৃদরোগ, ক্যান্সার ও অন্যান্য প্রাণঘাতী রোগাক্রান্ত হওয়ার ঝুঁকি প্রবল বলে সতর্ক করেছেন স্বাস্থ্য কর্মকর্তারা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার(ডব্লিউএইচও)ইউরোপীয় অঞ্চলের জনস্বাস্থ্য বিষয়ক এক প্রতিবেদনে বলা হয়েছে, “অনেক দেশই মানুষর অকাল মৃত্যুর ঝুঁকি কমিয়ে আনলেও, স্থূলতা, তামাক সেবন এবং মদপানের হার এখনো উদ্বেজনক পর্যায়ে রয়েছে।”
ডব্লিউএইচও’র ইউরোপীয় তথ্য-প্রমাণ, গবেষণা এবং উদ্ভাবন বিষয়ক প্রধান ক্লডিয়া স্টেইন বলেন, “ইউরোপীয়রা যে কোনোকিছুর চেয়ে মদপান এবং ধূমপান করে বেশি। এদিক থেকে তারা বিশ্বের চ্যাম্পিয়ন এবং এটি কোনো ভাল রেকর্ড নয়।”
তিনি বলেন, তরুণদের ওপর এর সবচেয়ে মারাত্মক প্রভাব পড়তে পারে। তামাক সেবন, মদপান কমানো না গেলে তাদের আয়ুও কমে যেতে পারে।
ডব্লিউএইচও’র আওতাধীন ইউরোপীয় অঞ্চলে ৬০ শতাংশের কিছু কম মানুষ হয় বেশি ওজনের নয়ত স্থূল। আর ৩০ শতাংশ মানুষ তামাক খায়। এছাড়াও, প্রতিবছর প্রতিটি মানুষ ১১ লিটার করে এলকোহল পান করে।
প্রতিবেদনে একইসঙ্গে ইউরোপে মানুষের আয়ু ধীরে ধীরে বাড়তে থাকা এবং অকলমৃত্যু কমতে থাকার বিষয়টি নিয়ে আশা প্রকাশ করা হলেও বলা হয়েছে, ধূমপান এবং মদ্যপান বর্তমান হারে চলতে থাকলে এই সমস্ত অর্জন বিফলে যাওয়ার খুবই বাস্তব ঝুঁকি বিরাজ করছে।
বিশেষ করে তরুণরা এ ঝুঁকির মুখে আছে। যারা তাদের দাদা-দাদী বা নানা-নানীদের মত অত বেশি বয়স পর্যন্ত নাও বাঁচতে পারে।
