বাংলাদেশেই এখন হৃদরোগের ‘বিশ্বমানের চিকিৎসা’
বাংলাদেশে হৃদরোগের চিকিৎসায় অগ্রগতি তুলে ধরে চিকিৎসকরা দাবি করেছেন, এখন আর হৃদরোগীদের বিদেশ যেতে হয় না।
‘বিশ্ব হার্ট দিবস’ উপলক্ষে রোববার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কার্ডিওলজি বিভাগে হৃদরোগ প্রতিরোধ সংক্রান্ত এক কর্মশালায় এই দাবি করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান বলেন, “দেশে হৃদরোগ চিকিৎসা বিশ্বমানে পৌঁছেছে। কোনো রোগীকে হৃদরোগের চিকিৎসার জন্য এখন আর বিদেশে যেতে হচ্ছে না।
“১০ বছর আগেও বহু রোগী অন্য দেশে গিয়ে চিকিৎসা করাতেন। গত কয়েক বছর ধরে বাইরে যেতে হচ্ছে না। এটা আমাদের জন্য একটা বড় অর্জন।”
কর্মশালার প্রধান অতিথি ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সভাপতি জাতীয় অধ্যাপক আব্দুল মালিক বলেন, ১৯৭১ সালে দেশ স্বাধীন হওয়ার পর একটি মাত্র ইসিজি মেশিনের মধ্যে কার্ডিওলজির চিকিৎসা সীমাবদ্ধ ছিল। এখন বিশ্বমানের সেবা দেওয়া সম্ভব হচ্ছে।
চিকিৎসা ক্ষেত্রে নতুন নতুন বিষয়ে ধারণা রাখতে নবীন চিকিৎসকদের প্রতি আহ্বান জানান তিনি।
“প্রতি মুহূর্তেই চিকিৎসা সংক্রান্ত নতুন নতুন তথ্যের বিষয়ে আপটুডেট থাকতে হবে। কোনো ধরনের গোঁজামিলের আশ্রয় না নিয়ে প্রতিটি বিষয়ে পরিষ্কার ধারণা রাখতে হবে।”
বিএসএমএমইউর কার্ডিওলজি বিভাগের শিক্ষক মোস্তফা জামান বলেন, ১৯৭০ সালে কার্ডিওলজি বিভাগ চালু হওয়ার পর অগ্রগতি অনেক দূরে এসে দাঁড়িয়েছে।
“এখানে চিকিৎসা নেওয়ার রোগীর সংখ্যা প্রতিবছরই বাড়ছে। সর্বমোট ১০২টি সিটে এখন হৃদরোগীদের ভর্তি করানো সম্ভব হচ্ছে।”
তিনি জানান, চলতি বছরেই ছয় হাজার রোগী বিএসএমএমইউতে হৃদরোগের চিকিৎসা নিয়েছেন, যা আগের যে কোনো বছরের চেয়ে বেশি।
বিএসএমএমইউ উপাচার্য বলেন, পর্যাপ্ত চিকিৎসক থাকলেও পর্যাপ্ত অর্থ বরাদ্দ না থাকার কারণে তাদের হাসপাতালে সেবার মান বাড়ানো যাচ্ছে না।
“স্বল্প আয়োজন ও সামর্থ্যের মধ্যে আমাদেরকে অনেক রোগী দেখতে হয়। ১০ হাজার পোস্ট গ্রাজুয়েট এবং ৭০ হাজার গ্রাজুয়েট ডাক্তার রয়েছেন। তারা যথেষ্ট দক্ষ, কিন্তু বাজেটের অভাবে এসব জনশক্তি পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না।”
বিএসএমএমইউতে প্রতিদিন পাঁচ থেকে ছয় হাজার রোগী আসেন জানিয়ে ডা. কামরুল বলেন, এই সংখ্যাটি এক হাজারের মধ্যে হলে তারা সেবার মান ধরে রাখতে পারতেন।
অনুষ্ঠানে হার্টের চিকিৎসা নিয়ে নিজের অভিজ্ঞতা ও বিভিন্ন তথ্য তুলে ধরেন ড. মমিনুজ্জামান। এরপর প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন জিজ্ঞাসার উত্তর দেন ভারতের হৃদরোগ চিকিৎসক গণেশ কুমার, বাংলাদেশের চিকিৎসক আলী হাসান ও এ কে ফজলুল হক।
