২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

প্রান্তিকে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ‘সুখী পথে পথে’ প্রচারাভিযান

আওতায় থাকছে বিশেষভাবে পরিকল্পিত উঠান বৈঠক, বুথ ক্যাম্পেইন, ক্যারাভান অ্যাক্টিভেশন, স্পটভিত্তিক মাইকিং, বিশ্ববিদ্যালয় ও শপিং মল ক্যাম্পেইন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2025, 10:09 PM

Updated : 26 Aug 2026, 12:28 PM

প্রান্তিক মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সলিউশনসের পরিকল্পনায় দেশের সকল জেলায় একযোগে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো ‘সুখী পথে পথে’ কার্যক্রম।  

বুধবার এই প্রচারাভিযানের  উদ্বোধন হয় বলে ‘সুখী'র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।  

এর আওতায় থাকছে বিশেষভাবে পরিকল্পিত উঠান বৈঠক, বুথ ক্যাম্পেইন, ক্যারাভান অ্যাক্টিভেশন, স্পটভিত্তিক মাইকিং (অটোরিকশা মাধ্যমে), বিশ্ববিদ্যালয় ও শপিং মল ক্যাম্পেইন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্যসেবা আরও বিস্তৃত করতে বিভিন্ন হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টারে এবং স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে। 

‘সুখী’ প্ল্যাটফর্ম  ব্যবহার করে গ্রাহকরা ঘরে বসেই ভিডিও কনসালটেশন, স্বাস্থ্য পরামর্শ এবং স্বাস্থ্যসেবা পাবেন। পাশাপাশি, অটোরিকশা, সিএনজি,  মাইকিং মাধ্যমে স্বাস্থ্যসচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া হবে, যা দেশের প্রতিটি অলিগলিতে পৌঁছে দিচ্ছে প্রকল্পের বার্তা। 

গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সলিউশনসের সিইও আহমেদ আরমান সিদ্দিকী বলেন, "আমাদের লক্ষ্য, সারা দেশের প্রতিটি মানুষের ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া। প্রযুক্তি এবং মানুষের শক্তিকে একত্রিত করে আমরা যে সুস্থ সমাজ গড়তে চাই, ‘সুখী পথে পথে’ তারই প্রতীক। আমরা বিশ্বাস করি, এই কার্যক্রম বাংলাদেশের স্বাস্থ্যখাতে একটি বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসবে।" 

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি) এবং গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সলিউশনস (জিডিএইচএস)-এর মধ্যে একটি অংশীদারত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

এই চুক্তির মাধ্যমে আনসার-ভিডিপির সদস্যরা এখন দেশের যে কোনো প্রান্ত থেকেই সহজে, দ্রুত এবং সাশ্রয়ী মূল্যে মানসম্পন্ন স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন।