২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এক বছর নিষিদ্ধ ইংলিশ পেসার

ডোপ পরীক্ষায় পজিটিভ হয়ে এই শাস্তি পেয়েছেন হ্যাম্পশায়ারের ক্রিকেটার কিথ বার্কার।

এক বছর নিষিদ্ধ ইংলিশ পেসার
কিথ বার্কার। ছবি: হ্যাম্পশায়ার ক্রিকেট এক্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2025, 10:09 PM

Updated : 26 Aug 2026, 12:31 PM

ডোপ টেস্টে পজিটিভ হয়ে বড় শাস্তি পেয়েছেন কিথ বার্কার। সব ধরনের ক্রিকেট থেকে এই ইংলিশ পেসারকে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

গত গ্রীষ্মের মৌসুমে নিয়মিত ডোপ পরীক্ষায় ৩৮ বছর বয়সী বার্কারের শরীরে নিষিদ্ধ পদার্থের উপস্থিতি পাওয়া গেছে। তার শাস্তির মেয়াদ শুরু গত বছরের জুলাই থেকে। সে সময় তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়।

পরবর্তীতে গত ৫ মার্চ এক শুনানিতে ইসিবির ডোপিং-বিরোধী দুটি নিয়ম লঙ্ঘনের কথা স্বীকার করেন বার্কার। আগামী ৪ জুলাই থেকে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে পারবেন তিনি।

কাউন্টি চ্যাম্পিয়নশিপের গত মৌসুমে হ্যাম্পশায়ারের হয়ে চার ম্যাচ খেলে ১৬ উইকেট নেন বার্কার, গড় ২৪.৩৭। এখন পর্যন্ত ১৬৭ প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৫৩৩ উইকেট নিয়েছেন তিনি। লিস্ট ‘এ’ ক্রিকেটে ৮৬ ও টি-টোয়েন্টিতে ৬৯ উইকেট আছে তার নামের পাশে।

ব্যাট হাতেও দারুণ সফল বার্কার। ২২৬ প্রথম শ্রেণির ইনিংসে ব্যাটিং করে ৬ সেঞ্চুরিতে ৫ হাজার ৪৫০ রান করেছেন তিনি। লিস্ট ‘এ’ তে ৪৭ ইনিংসে ৬৩৯, টি-টোয়েন্টিতে ৩৫ ইনিংসে ৩৮২ রান করেছেন।