টিকা নিয়ে ‘গাফিলতির কারণে হাম মহামারী রূপ নিয়েছে’
"এসব মৃত্যু ঠেকানো সম্ভব ছিল, যদি সময়মতো কার্যকর ব্যবস্থা নেওয়া যেত,” বলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মুশতাক হোসেন।
টিকা কেনায় অন্তর্বর্তী সরকারের গাফিলতি, আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রতা ও জনস্বাস্থ্যের প্রতি ‘প্রাতিষ্ঠানিক অবহেলায়’ দেশে হাম ‘মহামারী’ পর্যায়ে চলে গেছে বলে মনে করেন একদল চিকিৎসক।
এক্ষেত্রে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘হামে শিশুমৃত্যু: জরুরি জনস্বাস্থ্য পরিস্থিতিতে করণীয়’ শিরোনামে সংবাদ সম্মেলনে আসেন একদল চিকিৎসক।
‘ডক্টরস প্ল্যাটফর্ম ফর পিপলস হেলথ’ ব্যানারে এই সংবাদ সম্মেল ডাকেন তারা।
এতে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য তুলে ধরে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মুশতাক হোসেন বলেন, গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের লক্ষণ নিয়ে দুই শতাধিক শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে ২০ হাজারের বেশি মানুষ হামে আক্রান্ত এবং তিন হাজারের বেশি রোগী হাসপাতালে ভর্তি আছেন।
এ অবস্থাকে ‘গুরুতর জনস্বাস্থ্য সংকট’ আখ্যা দিয়ে মুশতাক হোসেন বলেন, "এসব মৃত্যু প্রতিরোধ করা সম্ভব ছিল, যদি সময়মত কার্যকর ব্যবস্থা নেওয়া যেত। বিগত অন্তর্বর্তী সরকার টিকা কেনা নিয়ে গাফিলতি, আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রতা এবং জনস্বাস্থ্যের প্রতি প্রাতিষ্ঠানিক অবহেলা হামের এই 'মহামারী' ডেকে এনেছে।"
অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বলেন, “যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে তিন দিনও অপেক্ষা করেনি। কিন্তু হামের টিকার জন্য যে জরুরি টাকা বরাদ্দ করতে হবে, অর্থ মন্ত্রণালয়ের আপত্তিকে ওভারকাম করে অন্তর্বর্তী সরকার সেই কাজটা করেনি।”
সংবাদ সম্মেলনে বেশ কয়েকটি দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে—
>> অবিলম্বে দেশজুড়ে বিশেষ গণটিকাদান কর্মসূচি চালু করতে হবে। ঝুঁকিপূর্ণ এলাকা, ঘনবসতি, দুর্গম অঞ্চল ও প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের অগ্রাধিকার দিতে হবে।
>> আক্রান্ত শিশুদের দ্রুত শনাক্ত ও চিকিৎসার জন্য উপজেলা থেকে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত স্বাস্থ্যসেবাকে শক্তিশালী করতে হবে। প্রতিটি হাসপাতালে বিশেষ ‘হাম কর্নার’ ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ নিশ্চিত করতে হবে।
>> প্রান্তিক পরিবারের শিশুদের সরকারি চিকিৎসার আওতায় আনার পাশাপাশি পরিবারকে উপযুক্ত সামাজিক সহায়তা দিতে হবে।
>> টিকা নিয়ে বিদ্যমান গুজব মোকাবিলায় গণমাধ্যম, ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করতে হবে।
>> দ্রুত সংক্রমণ শনাক্তে শক্তিশালী রোগ নজরদারি ব্যবস্থা ও জনস্বাস্থ্যের জরুরি অপারেশন কেন্দ্র সচল করতে হবে।
ভবিষ্যতে এ ধরনের দুর্যোগে দ্রুততম সময়ে ‘স্ট্যান্ডিং অর্ডার অন পাবলিক হেলথ ইমার্জেন্সি’ চালুর দাবি জানান ডা. মুশতাক।
স্বাস্থ্য খাতে বাজেট বাড়িয়ে জিডিপির ৫ শতাংশ করা, স্থানীয় পর্যায়ে ভ্যাকসিন উৎপাদন সক্ষমতা বাড়ানো এবং ২০২৬ সালের মধ্যে ‘হাম নির্মূল কৌশলপত্র’ পুনরায় সক্রিয় করার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।
