২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গু নিয়ে হাসপাতালে আরো ২৭ জন

এ বছর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ২৮৮ জনে। তাদের মধ্যে মারা গেছেন ২৭ জন।

ডেঙ্গু নিয়ে হাসপাতালে আরো ২৭ জন
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2024, 08:28 PM

Updated : 26 Aug 2026, 09:33 AM

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে আরো ২৭ জনের হাসপাতালে ভর্তির খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর; এই সময়ে মশাবাহিত এ রোগে মৃত্যু হয়নি কারো।  

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় আক্রান্ত রোগীদের মধ্যে ৬ জন ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। আর ঢাকার বাহিরে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২১ জন রোগী।

নতুনদের নিয়ে এ বছর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ২৮৮ জনে। তাদের মধ্যে মারা গেছেন ২৭ জন।

রোববার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ১০৯ জন রোগী চিকিৎসা নিচ্ছিলেন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি আছেন ৫০ জন; ঢাকার বাইরে এ সংখ্যা ৫৯।

এ বছর জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ হাজার ৫৫ জন, যাদের মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে। আর ফেব্রুয়ারিতে হাসপাতালে ভর্তি হয় ৩৩৯ জন, যাদের মধ্যে মৃত্যু হয়েছে তিনজনের। 

মার্চ মাসে হাসপাতালে গেলেন ৩১১ জন ডেঙ্গু রোগী; যাদের মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে। এপ্রিল মাসে আক্রান্ত হয়েছেন ৫০৪ জন, যাদের মধ্যে মৃত্যু হয়েছে দুইজনের। 

আর চলতি মে মাসের প্রথম পাঁচ দিনে ৭৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে তিনজনের।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।