০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু

সারাদেশে গেল ২৪ ঘণ্টায় আরও ৩৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 12 Sep 2026, 05:01 PM

Updated : 17 Sep 2026, 02:58 AM

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সাত জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। 

এ সময়ে ৩৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে পাঁচজন এবং খুলনা ও চট্টগ্রাম বিভাগে একজন করে মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর গেল ১৫ মার্চ থেকে হামের তথ্য প্রকাশ করে আসছে।

সরকারি হিসাবে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯১৯ জনের মৃত্যু হয়েছে। প্রায় ছয় মাসে প্রাণ হারিয়েছে এক হাজার ১৯ জন।

হামে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ৬৩ জন মারা গেছে ঢাকা বিভাগে। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু বরিশাল বিভাগে, ১৯ জন।

হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৪১৩ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১৫৭ জন।

এছাড়া রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৭৭, চট্টগ্রামে ৬৯, বরিশালে ৫৭, খুলনায় ৩৯ ও রংপুর বিভাগে ১৪ জন মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গেল ২৪ ঘণ্টায় আরও ৮১৬ জন হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসেছে। তাদের মধ্যে ভর্তি হয়েছে ৭৩১ জন।

ঢাকা বিভাগে ভর্তি ২৬০ জন, চট্টগ্রামে ২০০, সিলেটে ১২১, বরিশালে ৬০, খুলনায় ৩১, ময়মনসিংহে ৩৬, রাজশাহীতে ১৯ ও রংপুরে ৪ জন।

এ নিয়ে সারাদেশের বিভিন্ন হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা দাঁড়াল ১ লাখ ৫০ হাজার ২০২। তাদের মধ্যে ১ লাখ ৪৪ হাজার ৪৮৫ জন হাসপাতাল ছেড়েছে।

আর দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭০ হাজার ৬৩৮। হাম শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ২০ হাজার ৬।

হাসপাতালে আসা সব রোগী কিংবা হাসপাতালের বাইরে থাকা রোগীদের সবার হাম পরীক্ষা হয় না। ফলে হাম শনাক্ত হওয়া রোগীর সঠিক সংখ্যা পাওয়া যায় না।