২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গু নিয়ে হাসপাতালে আরও ২৮ জন

এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগী দাঁড়াল ৩ হাজার ৩৪৩ জনে।

ডেঙ্গু নিয়ে হাসপাতালে আরও ২৮ জন
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2024, 09:19 PM

Updated : 26 Aug 2026, 09:50 AM

মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত একদিনে নতুন করে ২৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন; এই সময়ে কারও মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শনিবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ডেঙ্গু নিয়ে সাতজন ভর্তি হয়েছেন। 

এর বাইরে ময়মনসিংহ বিভাগে দুইজন, চট্টগ্রাম বিভাগে আটজন, খুলনা বিভাগে তিনজন এবং বরিশাল বিভাগে আটজন ভর্তি হয়েছেন।

সবমিলিয়ে চলতি বছর ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৩৪৩ জনে; এর মধ্যে ৪১ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, দেশের বিভিন্ন হাসপাতালে শনিবার সকাল পর্যন্ত ১৪৮ ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছিলেন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি ছিলেন ৭৫ জন; ঢাকার বাইরে ছিলেন ৭৩ জন।

গত জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ হাজার ৫৫ জন, এর মধ্যে ১৪ জনের মৃত্যু হয়। ফেব্রুয়ারিতে ভর্তি হন ৩৩৯ জন, মৃত্যু হয় তিনজনের।

মার্চে হাসপাতালে ভর্তি ৩১১ জনের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়। এপ্রিলে আক্রান্ত ৫০৪ জনের মধ্যে দুজন মারা যান। মে মাসে আক্রান্ত ৬৪৪ জনের মধ্যে মারা যান ১২ জন। জুনের ২২ দিনে ৪৯০ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন; মারা গেছেন পাঁচজন।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন। সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় সে বছর।