হাম: অক্সিজেন কনসেনট্রেটরসহ চিকিৎসা সামগ্রী দিল রেড ক্রস
শ্বাসকষ্টজনিত জটিলতা ও অন্যান্য জরুরি রোগী ব্যবস্থাপনায় এসব সামগ্রী সহায়ক হবে।
বাংলাদেশে চলমান হামের প্রাদুর্ভাব মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয়কে জরুরি চিকিৎসা সরঞ্জাম দিয়েছে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি)।
রোববার এ সহায়তা দেওয়া হয় বলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, রেড ক্রসের সহায়তার মধ্যে রয়েছে ১৪টি অক্সিজেন কনসেনট্রেটর, ৫৭০টি এয়ারওয়ে ম্যানেজমেন্ট ডিভাইস, ১২টি ব্যাগ-ভালভ-মাস্ক রিসাসিটেটর এবং ম্যানুয়াল সাকশন ডিভাইস। এসব সামগ্রী শ্বাসকষ্টজনিত জটিলতা ও অন্যান্য জরুরি রোগী ব্যবস্থাপনায় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করবে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের উপস্থিতিতে মন্ত্রণালয়ে এসব চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করেন আইসিআরসি ঢাকা ডেলিগেশনের হেলথ প্রোগ্রাম ম্যানেজার ডা. জলিসা খানম।
এসময় স্বাস্থ্য মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক রেড ক্রস কমিটি বাংলাদেশ ডেলিগেশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
