ডেঙ্গুতে আরো দুই জনের মৃত্যু
মারা যাওয়া দুজনের মধ্যে একজন বরিশাল বিভাগের এবং একজন চট্টগ্রাম বিভাগের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত আরো দুইজনের মৃত্যু হয়েছে; হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩৯৪ জন।
এ নিয়ে চলতি বছর মশাবাহিত এ রোগে মোট ৭৮ জনের মৃত্যু হল। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১৯ হাজার ৯২৩ জন ডেঙ্গু রোগী।
মারা যাওয়া দুজনের মধ্যে একজন বরিশাল বিভাগের এবং একজন চট্টগ্রাম বিভাগের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
স্বাস্থ্য অধিদপ্তরের সোমবারের বুলেটিনে বলা হয়েছে, এ বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি ৩৬ জনের মৃত্যু হয়েছে জুলাই মাসে।
এ ছাড়া জুন মাসে ১৯ জন, জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিন জন, এপ্রিলে সাত জন, মে মাসে তিন জন মারা যান। মার্চ মাসে কোনো রোগীর মৃত্যু হয়নি।
জুলাই মাসে সবচেয়ে বেশি ৯৬২৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া জুন মাসে ৫৯৫১ জন, জানুয়ারিতে ১১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন এবং মে মাসে ১৭৭৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ভর্তি নতুন রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ১০৮ জন রোগী ভর্তি হয়েছেন বরিশাল বিভাগে।
এছাড়া ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৮২ জন, ঢাকা বিভাগে ৪৮ জন, ময়মনসিংহ বিভাগে পাঁচ জন, চট্টগ্রাম বিভাগে ৭৬ জন, খুলনা বিভাগে ৩৪ জন, রাজশাহী বিভাগে ৩১ জন এবং রংপুর বিভাগে ১০ জন রোগী ভর্তি হয়েছেন।
ডেঙ্গু নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১২৫৮ জন রোগী। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩৪৮ জন, ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি ৯১০ জন।
দেশে ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ লাখ ১ হাজার ২১১ জন হাসপাতালে ভর্তি হন। মৃত্যু হয় ৫৭৫ জনের। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর এই সংখ্যা তৃতীয় সর্বোচ্চ। আর মৃতের সংখ্যা দ্বিতীয় সর্বোচ্চ।
