২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গু: একদিনে হাসপাতালে ভর্তি আরও ২০৪৭ জন

নতুন রোগীদের মধ্যে ৪৬০ জন ঢাকায় এবং ১৫৮৭ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2023, 06:55 PM

Updated : 14 Oct 2023, 06:55 PM

দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ২০৪৭ জন রোগী; মশাবাহিত এ রোগে মৃত্যু হয়েছে আরো ১০ জনের।

নতুন রোগীদের নিয়ে এ বছর মোট ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৩৭ হাজার ২৫১ জনে। তাদের মধ্যে ১ হাজার ১৫৮ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ভর্তি রোগীদের মধ্যে ৪৬০ জন ঢাকার এবং ১৫৮৭ জন ঢাকার বাইরের বিভিন্ন জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। ঢাকায় ৫ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন জেলায় বাকি ৫ জনের মৃত্যু হয়েছে।

এ বছর সারাদেশে যত রোগী ভর্তি হয়েছেন, তাদের মধ্যে ঢাকায় রোগীর সংখ্যা ৯১ হাজার ৪৬৮ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন জেলায় ১ লাখ ৪৫ হাজার ৭৮৩ জন।

বর্তমানে সারাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৮ হাজার ৩৩৬ জন। তাদের মধ্যে ঢাকায় ২৫০৯ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ৫৮২৭ জন।

মাসের হিসাবে জানুয়ারিতে ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬ জন, মার্চে ১১১ জন, এপ্রিলে ১৪৩ জন, মে মাসে এক হাজার ৩৬ জন, জুন মাসে ৫ হাজার ৯৫৬ জন, জুলাই মাসে ৪৩ হাজার ৮৭৬ জন, অগাস্ট মাসে ৭১ হাজার ৯৭৬ জন এবং সেপ্টেম্বরে ৭৯ হাজার ৫৯৮ জন রোগী ভর্তি হন হাসপাতালে।

আর অক্টোবরের প্রথম ১৩ দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৩ হাজার ৮৪৫ জন।

জানুয়ারি মাসে ৬ জনের মৃত্যু হয়েছিল ডেঙ্গু আক্রান্ত হয়ে। এছাড়া ফেব্রুয়ারিতে মারা গেছেন ৩ জন, মার্চে কারও মৃত্যু হয়নি। এরপর এপ্রিলে ২ জন, মে মাসে ২ জন, জুনে ৩৪ জন, জুলাইয়ে ২০৪ জন, অগাস্টে ৩৪২ জন এবং সেপ্টেম্বরে ৩৯৬ জনের মৃত্যু হয়।

অক্টোবর মাসের ১৩ দিনে ১৬৯ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গু আক্রান্ত হয়ে।