২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গু নিয়ে হাসপাতালে আরও ২৪ জন

চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৫৬৯ জন।

ডেঙ্গু নিয়ে হাসপাতালে আরও ২৪ জন
১২ বছরের শিশু ইয়াসিন আরাফাত ৫ দিন ধরে জ্বরে আক্রান্ত। ডেঙ্গু ধরা পড়ায় মঙ্গলবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছবি: আসিফ মাহমুদ অভি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2024, 08:46 PM

Updated : 26 Aug 2026, 09:35 AM

এইডিশ মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত এক দিনে নতুন করে আরও ২৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন; এই সময়ে কেউ মারা যায়নি।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোববার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ডেঙ্গু নিয়ে ২০ জন ভর্তি হয়েছেন। এর বাইরে চট্টগ্রাম বিভাগে একজন এবং বরিশাল বিভাগে তিনজন ভর্তি হয়েছেন।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৫৬৯ জনে। মারা গেছেন ৩২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, দেশের বিভিন্ন হাসপাতালে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ১৩২ ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছিলেন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি ছিলেন ৬৮ জন; ঢাকার বাইরে ৬৪ জন।

চলতি বছরের জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ হাজার ৫৫ জন, যাদের মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে। ফেব্রুয়ারিতে হাসপাতালে ভর্তি হন ৩৩৯ জন, যাদের মধ্যে মৃত্যু হয়েছে তিনজনের।

মার্চ মাসে আক্রান্ত হন ৩১১ জন; যাদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে। এপ্রিলে আক্রান্ত হন ৫০৪ জন, যাদের মধ্যে মৃত্যু হয়েছে দুইজনের। মে মাসের প্রথম ১২ দিনে ২৫১ জন ডেঙ্গু আক্রান্ত হন, মৃত্যু হয়েছে পাঁচজনের।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।