Published : 29 Jan 2024, 03:51 AM
গোপালগঞ্জে জন্ম নেওয়া মাসুদ রানা শেখ ঢাকার সিনেমায় পা রেখে হয়ে যান শাকিব খান। তিনিই এখন ঢাকাই সিনেমার এক নম্বর তারকা। মাসুদ রানাকে যিনি শাকিব খান নাম দিয়েছিলেন সেই নির্মাতা সোহানুর রহমান সোহান পাড়ি জমালেন অনন্তলোকে।
বুধবার সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ‘কেয়ামত থেকে কেয়ামত’ খ্যাত নির্মাতা সোহান। এর আগে মঙ্গলবার ব্রেইন স্ট্রোকে মৃত্যুবরণ করেন তার স্ত্রী প্রিয়া।
স্ত্রী মারা যাওয়ার ২৪ ঘণ্টা পার হল না, অনন্তলোকে পাড়ি জমালেন সোহানও। জনপ্রিয় এই নির্মাতার মৃত্যু খবরে শোকের ছায়া নেমেছে ঢাকার সিনেমা পাড়ায়।
চিত্রনায়ক শাকিব খান ফেইসবুকে সোহানের মৃত্যুতে শোক জানিয়ে লেখেন, “এই তো কয়েকদিন আগেও সোহান ভাইয়ের সঙ্গে দীর্ঘক্ষণ কথা হচ্ছিল। বলছিলেন, তিনি অসুস্থ। উন্নত চিকিৎসা নিতে জাপান যাবেন। কিন্তু আজ সন্ধ্যায় হঠাৎ করে খবরটি পেয়ে আঁতকে উঠলাম! জানলাম, ভাবীর মৃত্যুর একদিন পরেই সোহান ভাইও পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।”
শাকিব খান প্রথম অভিনয় করেছিলেন ‘অনন্ত ভালোবাসা’ সিনেমায়। প্রথম সিনেমাটির নির্মাতা ছিলেন সোহানুর রহমান সোহান। শাকিব খান ও ইরিন জামানকে জুটি করে সিনেমাটি নির্মাণ করেছিলেন সোহান।
এর আগে সালমান শাহ ও মৌসুমীর ঢালিউড অভিষেকও হয়েছিল সোহানের পরিচালনায় ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে। পরে মৌসুমীর ছোটবোন ইরিনের সঙ্গে ওই সময়ের নবাগত নায়ক শাকিবের জুটি গড়েছিলেন সোহান। সেই জুটি সফল হয়নি। ইরিন জামান বর্তমানে বিদেশে বসবাস করেন।
কিন্তু শাকিব খান হয়ে উঠেছেন ঢাকাই সিনেমার নম্বর ওয়ান চিত্রনায়ক।
ঢালিউড সুপারস্টার শাকিব খান বলেন, “আমার এই শাকিব খান নামটি সোহান ভাইয়ের দেওয়া। সত্যি কথা বলতে, তাঁর সম্পর্কে কিছু বলার বা লেখার ভাষা হারিয়ে ফেলেছি। ভাবী এবং সোহান ভাইকে মহান আল্লাহ পরপারে শান্তিতে রাখুন।”
চলচ্চিত্র নির্মাতা শিবলি সাদিকের সহকারী হিসেবে কর্মজীবন শুরু করা সোহান পরে নিজেই পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন।
তার নির্মিত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে- কেয়ামত থেকে কেয়ামত, স্বজন, আমার ঘর আমার বেহেশত, অনন্ত ভালবাসা। সোহান পরিচালিত সিনেমা দিয়ে চলচ্চিত্রে পথচলা শুরু করেছিলেন সালমান শাহ, মৌসুমী, পপি, ইরিন জামান।
সোহান বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে টানা দুবার মহাসচিব এবং দু’বার সহসভাপতির দায়িত্ব পালন করেন।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)