২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিক্ততা ভুলে ভাইকে জড়িয়ে ধরলেন আমির

২০০৭ সালে ফয়সাল অভিযোগ তোলেন, আমিরসহ পরিবারের সবাই তাকে ঘরবন্দি করে রেখেছিল।

তিক্ততা ভুলে ভাইকে জড়িয়ে ধরলেন আমির

ভাই ফয়সাল খানের সঙ্গে আমির খান।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2023, 11:11 PM

Updated : 21 Jun 2023, 11:11 PM

পুরনো তিক্ততা ভুলে মায়ের জন্মদিনে ভাই ফয়সাল খানকে জড়িয়ে ধরলেন বলিউড তারকা আমির খান।

সম্প্রতি পরিবার ও ঘনিষ্ঠজনদের নিয়ে মা জিনাত হোসেনের ৮৯তম জন্মবার্ষিকী উদযাপন করেন আমির। ঘরোয়া আয়োজনের সেই ছবি শুক্রবার অভিনেতার বোন নিখাদ হোসেন ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। সেখানে দুই ভাইয়ের আলিঙ্গনের একটি ছবি দেখা গেছে।

ছবিটি শেয়ার করতেই সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তা দেখে অভিনেতার ভক্তরা বেশ খুশিও হয়েছেন বলে হিন্দুস্তান টাইমস জানিয়েছে।

একাধিকবার খবরের শিরোনামে এসেছেন ‘মদহোশ’ অভিনেতা ফয়সাল। বিতর্কিত মন্তব্যের জন্য বেশ কয়েক বছর আগে আমিরের কাছে ক্ষমাও চান তিনি।

টাইমস অব ইন্ডিয়া বলেছে, ২০০৭ সালে ফয়সাল অভিযোগ তোলেন, আমিরসহ পরিবারের সবাই তাকে ঘরবন্দি করে রেখেছিল। অভিনেতার দাবি, পুরোপুরি সুস্থ থাকা সত্ত্বেও তাকে মানসিকভাবে অসুস্থ ঘোষণা করেন আমির।

এছাড়াও ফয়সাল অতীতের এক সাক্ষাৎকারে হতাশা প্রকাশ করে বলেন, আমির তার পাঁচগনির পোষা কুকুরের নাম ‘শাহরুখ’ রেখেছিলেন।

২০০০ সালে আমির তার ‘মেলা’ সিনেমায় নিয়েছিলেন ফয়সালকে। এরপর কয়েকটি সিনেমা করলেও বলিউডে নিজের আসন পাকা করতে পারেননি তিনি।